Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র পদে মনোনয়ন ক্রয়ের হিড়িক

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫০ পিএম

মেয়র পদে মনোনয়ন ক্রয়ের হিড়িক
Swapno

# মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন অন্তত ১৫ জন
#বিএনপি না এলেও স্বতন্ত্র প্রার্থী হবেন সাখাওয়াত-এটিএম কামাল
# জয়ের জন্য নয়, পরিচিতি পেতেই মনোনয়নপত্র কিনতে আগ্রহী অনেকে

 

আগামী ১৬ই জানুয়ারি অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। গতকাল ৫ ডিসেম্বর ছিলো মনোনয়ন পত্র ক্রয়ের প্রথম দিন। প্রথম দিনই তিনজন প্রার্থী নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক এটিএম কামাল এবং বাংলাদেশ কল্যান পার্টির যুগ্ম সম্পাদক মো. রাশেদ ফেরদৌস সোহেল।


খোঁজ নিয়ে জানা গেছে, মনোনয়নপত্র ক্রয়-বিক্রয়ের প্রথম দিনই মেয়র পদে তিনজন প্রার্থী মনোনয়ন পত্র ক্রয় করলেও একই পদে বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও মনোনয়ন পত্র সংগ্রহ করবেন। এই তালিকায় রয়েছে, আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ, জাতীয় পার্টি, বাসদ, জাসদ,  এ্যাডভোকেট ইমাঈল ও ব্যবসায়ী নেতারাও আছেন মনোনয়ন পত্র ক্রয়ের আলোচনায়।


এদিকে, সিটি নির্বাচনে মেয়র পদে বিএনপির দুই নেতা এ্যাড. সাখাওয়াত হোসেন এবং এটিএম কামাল মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপি দলীয় ভাবে নির্বাচনে আসতে আগ্রহী নন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের ভাষ্য, সিটি নির্বাচনে বিএনপি দলীয় ভাবে অংশ নেবেন না। এক্ষেত্রে বিএনপির কোন নেতা নির্বাচন করতে আগ্রহী হলে তাকে হতে হবে স্বতন্ত্র প্রার্থী। দলীয় ভাবে নির্বাচনে অংশ না নিলেও এমন স্বতন্ত্র প্রার্থীদের সমর্থন করার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।


এদিকে, বিএনপির যেই দুই নেতা সিটি করপোরেশনে মেয়র হওয়ার বাসনায় মনোনয়ন পত্র ক্রয় করেছেন, তাদের নিয়ে শহরে চলছে নানা মুখি আলোচনা-সমালোচনা। এর মধ্যে এটিএম কামালকে নিয়ে আলোচনা হচ্ছে ভিন্ন ভাবে। কেননা, তিনি বিগত প্রায় ৩ বছর দেশেই ছিলেন না। দীর্ঘ এই সময়ের মধ্যে নারায়ণগঞ্জে করোনা মহামারি সহ নানা সংকট ও জটিলতা বিরাজ করেছিলো। এই সংকট ও জটিলতায় এটিএম কামাল ছিলেন দেশের বাইরে। তাকে পাশে পায়নি কেউই। এমনকি বিএনপির দলীয় কার্যক্রমেও তিনি ছিলেন না। তাই দুর্দিনে না থাকলেও সিটি করপোরেশনে মেয়র নির্বাচনকে উদ্দেশ্য করে বিদেশ থেকে নারায়ণগঞ্জে এসেছেন বলে নানা মুখি আলোচনা-সমালোচনা চলছে এটিএম কামালকে নিয়ে।


অন্যদিকে, আলোচনা চলছে বিএনপি নেতা সাখাওয়াতকে কেন্দ্র করেও। বিগত ২০১৬ সালের দ্বিতীয় সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মেয়র আইভীর বিরুদ্ধে নির্বাচন করেছিলেন সাখাওয়াত হোসেন। সেবার সাখাওয়াতের পক্ষে বিএনপির কেন্দ্রীয় নেতারা মাঠে নামলেও মেয়র আইভীকে ভোট যুদ্ধে পরাস্ত করতে পারেননি। উপরন্ত ৮০ হাজার ভোট ব্যবধানে মেয়র আইভীর কাছে  পরাজিত হয়েছেন তিনি।
এদিকে, কল্যাণ পার্টির যুগ্ম সম্পাদক মো. রাশেদ ফেরদৌস সোহেল প্রতিবারের মত এবারও নির্বাচনকে কেন্দ্র করে সরব হয়েছেন। তিনি বিগত সময়েও সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নিয়েছিলেন। এবারও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। মূলত সিটি করপোরেশনের নির্বাচন এলেই সরব হয়ে উঠেন কল্যান পার্টির সোহেল। এছাড়া বছর জুড়ে নারায়ণগঞ্জবাসীর কোন কল্যাণে দেখা যায় না তাকে।


এদিকে, হাতপাখা প্রতীকে নির্বাচনে আসার ঘোষণা দেয়া মুফতি মাসুম বিল্লাহকেও মানুষের সুখে দুঃখে সেভাবে পাশে দাড়াতে দেখা যায়নি। উপরন্ত বিগত সময়ে মেয়র আইভীর বিরুদ্ধে হেয়ফাজত ইসলামের নেতারা আন্দোলনের যেই মঞ্চ সাজিয়েছিলেন, সেখানে ছিলো মাসুম বিল্লাহ’র উপস্থিতি। এমনকি তিনি মেয়র আইভীকে নদীতে ভাসিয়ে দেয়ারও হুমকি দিয়েছিলেন বাগে জান্নাত মসজিদ ইস্যুতে অনুষ্ঠিত ওলামাদের প্রতিবাদ সভায়।  
জানা গেছে, বহুল প্রতিক্ষিত ও আলোচিত সিটি করপোরেশনের নির্বাচনে গতবার মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও এবারের নির্বাচনে এই তালিকা আরো দীর্ঘ হওয়ার পথে। গতকাল পর্যন্ত মেয়র পদে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও আগামীতে এই তালিকা আরো বৃদ্ধি পাবে বলে তথ্য পাওয়া গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন