আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন নাসিক ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। রোববার (৫ নভেম্বর) বিকাল ৪টায় ১৫নং ওয়ার্ডের টানবাজার, ডাইলপট্টি, নিতাইগঞ্জ, জিমখানা, র্যালিবাগান ও নয়ামাটি এলাকায় গণসংযোগ করেন তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বাসদের আহবায়ক নিখিল দাস, সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, শ্রমিক নেতা সেলিম মাহমুদ, ১৫নং ওয়ার্ডের বাসিন্দা তাজুল ইসলাম, দেলোয়ার হোসেন, অজয় কুমার বিশ্বাস প্রমুখ। গণসংযোগ শেষে অসিত বরণ বিশ্বাস বলেন, গত দুইবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন।
আমি আমার সাধ্যমত সততা ও দায়িত্বের সাথে আপনাদের সাথে থাকার চেষ্টা করেছি। আশা করি এবারের নির্বাচনেও আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন।
বাসদের জেলা আহবায়ক নিখিল দাস বলেন, অসিত বরণ বিশ্বাস ১৫নং ওয়ার্ডের সৎ ও যোগ্য প্রার্থী। তার বিরুদ্ধে কোন অনিয়ম-দুর্নীতির অভিযোগ নেই। তিনি সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকেন, সবসময় ওয়ার্ডবাসীর পাশে থাকেন। গত দুইবারের মতো এবারও তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান।


