আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৫ মাস। ২০১৩ সালের ৬ মার্চ থেকে এক এক করে ১০৫ মাস পার হয়ে গেলো। বিচারকার্য সম্পন্ন হয় নি এখনো।
সেক্ষেত্রে বলা যায় বিচারহীনতারও ১০৫ মাস পূর্ণ হলো। এতোগুলো মাস শেষেও তদন্তকারী সংস্থা র্যাবের তদন্ত শেষ করে তৈরী করে রাখা অভিযোগপত্রটি আদালতে পেশ করতে পারে নি। তবে সাধারণ মানুষের মাঝে এতো মাস পার হওয়ার পরেও মনে আশা রয়েছে একদিন ত্বকী হত্যার বিচার হবেই। সেই কারণেই প্রতি মাসে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠানের মাধ্যমে ত্বকী হত্যার বিচারের দাবি জানানো হয়।
ত্বকী হত্যার ১০৫ মাস উপলক্ষে আগামী ৮ ডিসেম্বর ২০২১ বুধবার সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রাঙ্গণে এক আলোকপ্রজ্জ্বলন কর্মসুচি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য ২০১৩ সালের ০৬ মার্চ বিকেলে সুধীজন পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ করা হয়েছিল। এর দুই দিন পর ০৮ই মার্চ শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে পুলিশ ত্বকীর লাশ উদ্ধার করে। সেই দিনকে কেন্দ্র করে প্রতি মাসে ত্বকী হত্যার বিচার দাবিতে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠান আয়োজিত হয়।


