নাসিক ১৮নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা তুঙ্গে
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:০২ পিএম
# প্রভাবশালী পরিবারের সমর্থন পাচ্ছেন মুন্না
# ভোট ব্যাংক ভারী কবির হোসেনের
নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে জমজমাট প্রচার প্রচারণা চলছে, ১৮ নং ওয়ার্ডে। কাউন্সিলর হতে এই ওয়ার্ডের প্রার্থীরা পাগলের মতো এদিক-সেদিক ছোটাছুটি করছেন। ভোটাদের আকৃষ্ট করতে এদের কেউ কেউ এলাকায় বহিরাগতদের নিয়ে শোডাউন করছে আবার কেউ সাহায্যের জন্য শরণাপন্ন হচ্ছেন স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতীক পরিবারের কাছে। আর সেই পরিবারের লোকজনও নিজের অনুগতকে নির্বাচনে জয়ী করতে ভোটারদের কাছে ভোট চাইছেন। গতকাল নাসিকের ১৮ নং ওয়ার্ডের বাসীন্দাদের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ১৮ নং ওয়ার্ডের জমিদারী কাচারিগল্লি, নলুয়াপাড়া, মাছুয়াবাজার এবং শহীদনগর এলাকার প্রতিটি রাস্তাঘাট ছেয়ে আছে প্রার্থীদের ব্যানার ফেস্টুনে। হোটেল রেস্তরা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অন্যান্য স্থানেও পুরোদমে চলছে নির্বাচনী প্রচারনা। এমনকি গত দুদিনের বৃষ্টিও এই প্রচারনায় বাধা হয়ে দাড়াতে পারেনি। দেখা গেছে, অটো রিক্সা ও ভ্যান গাড়ীতে বিশেষ কায়দায় মাইক বেঁধে সেই মাইকে বাজানো হচ্ছে কাউন্সিলর প্রার্থীদের নিয়ে তৈরী গান।
এদিকে সূত্র বলছে, এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর সংখ্যা প্রায় ৫ জনেরও বেশি। তবে অন্যসব প্রার্থীদের তুলনায় কামরুল হাসান মুন্না এবং বর্তমান কাউন্সিলর কবির হোসেনই সবার চেয়ে এগিয়ে। গত সপ্তাহে মুন্নার জন্য বাপ্পি-চত্তর এলাকায় শত শত মানুষের সামনে এসে ভোট চেয়েছেন, নারায়ণগঞ্জের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের বেয়াই অর্থাৎ অয়ন ওসমানের শশুর ফয়েজ উদ্দিন লাভলু। অন্যদিকে স্থানীয় বেশ কিছু ছাত্রলীগ নেতাও মুন্নার হয়ে নির্বাচনী প্রচারনায় অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে কাউসার নামে এক ছাত্রলীগ নেতা স্থানীয় লোকজনকে জানান দিচ্ছেন যে, শামীম ওসমান সবাইকে এই নির্বাচনে মুন্নার হয়ে কাজ করা জন্য নাকি আদেশ করেছেন। তবে প্রচার প্রচারনাসহ কিছু কিছু জায়গায় মুন্না এগিয়ে থাকলেও এলাকায় কবিরের ভোট ব্যাংক ভাড়ী বলে একাধিক সূত্রে জানা গেছে।
১৮ নং ওয়ার্ডের বাপ্পী চত্তর এলাকার আলমাস মিয়া বলেন, ‘গত নির্বাচনের সময় সকলে ভেবেছিলাম মুন্না জয়ী হবে। কিন্তু ভোটের ফলাফল হয়েছে উল্টো। কারণ সেই ইলেকশনে কবীর অনেক ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। তাই এবারের নিবার্চন নিয়ে আগেই কিছু বলতে চাইনা। আশাকরি যিনি যোগ্যপ্রার্থী সেই জয়যুক্ত হবেন’।
শহীদ নগর এলাকার বাসিন্দা মাহবুব কামরান বলেন, ‘এই ওয়ার্ডের প্রার্থীরা অনেক শক্তিশালী লোকজন নিয়ে নিজেদের নির্বাচনী প্রাচারনা করছেন। কিছুদিন আগে মুন্না ভাইয়ের জন্য অয়ন ওসমানের শশুর নিজে ভোট চেয়েছেন। কিন্তু আমাদের কাছে মনে হয় প্রার্থীরা যাকে দিয়েই ভোট প্রার্থনা করুক না কেন, ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকেই ভোট দেবেন।


