নির্বাচনে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৩:৫৪ পিএম
গতকাল জেলা নির্বাচন অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট গ্রহন পুরোটাই ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এর মাধ্যমে হবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার। তিনি জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার নির্বাচন কমিশন তা-ই করবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। এর আগে সিটি কর্পোরেশনের ২০১১ এর নির্বাচনে আটটি ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন করা হয়েছিলো।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তারের সাথে সোমবার জেলা নির্বাচন অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এসময় তার সাথে ছিলেন জেলা নির্বাচন অফিসার মতিউর রহমান, সহকারি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফরোজা খানম। এছাড়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলম, সাধারন সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নারায়ণগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ, সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার জানান, এবারের নির্বাচনে ১৯০ টি কেন্দ্র থাকবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৭৬ জন। নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৪৮১।
ইভিএম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার বলেন, এটা একটা প্রযুক্তি। নতুন প্রযুক্তি বা পদ্ধতি শুরু হলে মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন থাকে। ইভিএমে কোনো ধরনের দূর্নীতি অনিয়মের সূযোগ নেই। ইভিএম এর মাধ্যমে নির্বাচন হলে খুব দ্রুত নির্বাচনের ফল পাওয়া যায়।
নির্বাচন অবাধ নিরপেক্ষ করতে কি ব্যবস্থা গ্রহন করবেন ? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে যা যা ব্যবস্থা গ্রহন করা দরকার সবই নির্বাচন কমিশন গ্রহন করবে। প্রয়োজনীয় সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বে মোতায়েন করা হবে। ঐদিন যেহেতু দেশের অন্য কোথাও কোনো নির্বাচন নেই তাই প্রতিটি কেন্দ্র প্রহরায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যকে মোতায়েন করা সম্ভব হবে বলে তিনি জানান।
আগামী ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ২০১১ সাথে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আটটি ওয়ার্ডে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে এসব কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। এ নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এ কে এম শামীম ওসমানকে এক লাখ ১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
ব্যানার, পোষ্টার সরিয়ে নেয়ার নির্দেশ।
রিটার্নিং অফিসার আরো জানান, নির্বাচনে প্রার্থীরা প্রতিক পাবেন ২৮ ডিসেম্বর। প্রতিক বরাদ্দের পর তারা প্রচারনা চালাতে পারবেন। কিন্তু অনেককে দেখা যাচ্ছে পোষ্টার, ব্যানার, ফেষ্টুন লাগিয়ে ফেলেছেন। এসব অবিলম্বে সড়িয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সরিয়ে না নিলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


