# স্থানীয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করাটা মূল চ্যালেঞ্জ
# বিগত দুই নির্বাচন আইভীর জন্য স্বস্তির উদাহরণ
আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। এই নির্বাচন নিয়ে নানামুখি বিচার-বিশ্লেষন চলছে নগরবাসীর মাঝে। নির্বাচনে কখনই পরাজয়ের তিক্ত স্বাদ ভোগ না করা মেয়র আইভীর জন্য কি অপেক্ষা করছে এবার, সেই ভাবনা থেকেই নগরবাসীর হৃদয়ে জেগেছে নানা কৌতুহলী প্রশ্ন। বিশেষ করে, উত্তর মেরুপন্থী আওয়ামী লীগ নেতাকর্মী ও তাদের সমর্থকদের ভূমিকা কি হতে পারে আগামী নির্বাচনে, সেই চিন্তা অনেকের কাছে দুঃশ্চিন্তায় রূপ নিচ্ছে।
অনেকেই বলছেন, মেয়র আইভীর বিরোধীতায় আওয়ামী লীগেরই একটি পক্ষ কলকাঠি নাড়ায় ভোটের মাঠে এর বিরুপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আবার বিগত দুই সিটি করপোরেশনের নির্বাচনি হাকিকতের আলোকে মেয়র আইভীকে নিয়ে অনেকই স্বস্তিতে আছেন। কেননা, বিগত সময়ে স্থানীয় আওয়ামী লীগের ওই মহলটির সকল নীল নকশা চুর্ন হয়েছিলো মেয়র আইভীর জয়ের মাধ্যমে। এক্ষেত্রে অনেকেই এগিয়ে রাখছেন মেয়র আইভীকে।
মেয়র আইভীর অনুসারী আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলছেন, উন্নয়নের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে আইভীর অবস্থান সুস্পষ্ট ও আপসহীন হওয়ার কারণে নির্বাচনী বৈতরণী যত কঠিনই হোক না কেন, এবারও তিনি উতরে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তির হাতে নৌকা প্রতীক তুলে দেয়ায় নৌকার বিজয়ের জন্য তারা নিজেদের শ্রম, মেধা ও সময় বিলিয়ে দিতে প্রস্তুত।
এদিকে, জয় নিয়ে অতটা চিন্তিত না হলেও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নেতৃত্বগুণে প্রশংসিত আইভীর জন্য এবার অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। নিজ দলের একটি অংশের বিরোধীতার মুখে পড়েও নৌকা প্রতীক পাওয়া মেয়র আইভীর পক্ষে অন্যতম চ্যালেঞ্জ হবে স্থানীয় আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা। জনগণের কাছে নিজের ব্যক্তি ইমেজের পরিবর্তনও তার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ।
অন্যদিকে, এবারের নির্বাচনে বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে না আসলেও বিএনপির দুই স্বতন্ত্রপ্রার্থী এটিএম কামাল এবং সাখাওয়াত হোসেন খানসহ অন্যান্য দলের প্রার্থীরাও এবারের নির্বাচনী মাঠে রয়েছেন। এর মধ্যে বিএনপির দুই নেতা স্বতন্ত্র প্রার্থী হলেও নগরীতে থাকা বিএনপির সমর্থকদের ভোট কার বাক্সে পড়বে, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। তাছাড়া, তারা উভয়ে আইভীর তুলনায় পিছিয়ে আছেন নানা কারণে। অন্যান্য প্রার্থীরাও আইভীর তুলনায় ঢের পিছিয়ে আছেন। এক্ষেত্রে আগামী নির্বাচনে সিটি করপোরেশনের নির্বাচনে যারা প্রার্থী আছেন তাদের থেকে এগিয়ে আছেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী।
তাছাড়া, দক্ষিন মেরুপন্থী আওয়ামী লীগ এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ভাষ্য, ‘আইভী ব্যক্তি হিসেবেই দলমত নির্বিশেষে ভোট পাবেন এবং বিজয়ী হবেন। নারায়ণগঞ্জের বাস্তবতায় এখন পর্যন্ত আইভীই মেয়র পদে এখানকার মানুষের কাছে নির্ভরযোগ্য। মেয়র হিসেবে তিনি জনগণের আস্থা অর্জন করেছেন তার কর্মদক্ষতার মাধ্যমে। তাই, নির্বাচনী সমীকরণে এগিয়ে আছেন বর্তমান মেয়র আইভী।


