Logo
Logo
×

নগর জুড়ে

চাঞ্চল্যকর রাজমিস্ত্রি রুবেল হত্যা  ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:১৯ পিএম

চাঞ্চল্যকর রাজমিস্ত্রি রুবেল হত্যা  ২৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
Swapno

# মাদকের টাকার ভাগ নিয়ে হয় সংঘর্ষ
# তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হয়েছে আদালতে-পরিদর্শক তারিকুল
# আগামী সপ্তাহে অভিযোগপত্র আদালতে যাবে-তদন্ত কর্মকর্তা শামীম
#  ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, উপুুক্ত বিচার চাই-মামলার বাদী


নগরীর জামতলা ধোপাপট্টি এলাকার ভাড়াটিয়া বাসিন্দা ৩০ বছর বয়সী মো. রুবেল। পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। এ বছর ২৮ জুন প্রতিদিনের মত রাজমিস্ত্রির কাজ শেষে বিকেল সাড়ে ৫টায় বাড়ীতে ফিরে আসেন। গোসল ও খাওয়া শেষে তারই পরিচিত রাজমিস্ত্রি’র হেল্পার মো. রনি রুবেলকে বেড়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়।

 

ওই দিন রাত ১০টায় রুবেল ও রনি বেড়ানো শেষে বাসায় ফিরে আসার সময় নগরীর ইসদাইর বাজারের রেল লাইন সংলগ্ন জয়যাত্রা (ড্যান্স) ক্লাবের সামেন আসতেই একই এলাকার দুইটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারের জন্য মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পরে। দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষের মাঝখানে পরে যায় রাজমিস্ত্রি মো. রুবেল। এরপর উভয় গ্রুপের সদস্যরা রুবেলকে প্রতিপক্ষের লোকভেবে দুই গ্রুপের প্রায় ৪০ থেকে ৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে রুবেলের উপর হামলা করে। এ বছর ২৮ জুন নগরীর চাষাঢ়া রেল লাইন এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ লেনদেনের বিষয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাং ও সন্ত্রাসী দুই গ্রুপের সংঘর্ষে নিহত হয় রাজমিস্ত্রি মো. রুবেল। আলোচিত এ হত্যাকাণ্ডের মামলার তদন্ত সমাপ্ত করে গত ৩০ নভেম্বর ২৭ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ।


 
চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. তারিকুল ইসলাম। তিনি যুগের চিন্তাকে জানান, আলোচিত মামলাটির তদন্তের দায়িত্ব পালন করেছেন উপ-পরিদর্শক (এসআই) এসএম শামীম। তিনি মামলাটির তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করেছেন। সার্বিক তদন্তের বিষয়টি তদন্তকর্মকর্তাই বলতে পারবেন বলে জানিয়েছেন মো. তারিকুল ইসলাম।


 
এদিকে আলোচিত হত্যা মামলাটির তদন্ত সমাপ্ত হয়েছে কিনা জানতে চাইলে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) এসএম শামীম তদন্ত কার্যক্রম চলমান আছে বলে জানান। তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে তদন্ত কার্যক্রম সমাপ্ত করা হবে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে।
 


হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন বিষয়ে জানতে চাইলে উপ-পরিদর্শক (এসআই) এসএম শামীম জানান, চাষাড়া রেলস্টেশন এলাকার মাদক ব্যবসার টাকা ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা একটি পক্ষকে মাদক টাকা দিয়ে আসছিল বিধায় অপর পক্ষটি এতে ক্ষিপ্ত হয়। তখনই আধিপত্য বিস্তার নিয়ে পক্ষ দু’টির মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে নিরপরাধ রাজমিস্ত্রি মো. রুবেল দু’পক্ষের উপর্যপুরি ছুরিকাঘাত অতিমাত্রায় রক্তক্ষরণ হয়ে মৃত্যু বরণ করে।


 
আদালত পুলিশের একটি সূত্র হত্যা মামলাটির অভিযোগপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন। ওই সূত্রটির মাধ্যমে জানা গেছে, গত ৩০ নভেম্বরের তারিখের ফতুল্লা থানার অভিযোগপত্র নম্বর-৭৭৫ মূলে আদালতে অভিযোগপত্র দেয় হয়।


 
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর রাজমিস্ত্রি মো. রুবেল হত্যাকান্ডের ঘটনায় আলী, সম্রাট, মো. শিমুল সেলিম, রাকিব ওরফে টাইগার, জুয়েল, সাগর ওরফে দাঁত ভাঙ্গা সাগর, মো. শাকিল, মো. রাব্বি হাওলাদার, মো. আরিফ শেখ ওরফে কে-টু, মো. শামীম, সজিব, পিচ্চি মানিক ওরফে কেচরা মানিক, সোলায়মান মুন্সি, ইয়াকুব আলী ওরফে শুভ আহাম্মেদ আকাশ ওরফে রগ কাটা আকাশ, মো. খায়রুল,  কিশোর অপরাধী বিজয় তালুকদার ও পলাতক আসামী মো. জামান, অপু, আল- আমিন, মিলন, আমিনুল এবং হত্যাকান্ডে জড়িত আছে পুলিশের তদন্তে উঠেআসা মনির হোসেন, শাহতাজ ওরফে এহসানুল করিম ঝলক, মহাসিন, মো. মঈনুল ওরফে আলাউদ্দিন ওরফে ভুতু ও মো. শাহাদাত মুন্সিদের অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও মানিক, জুয়েল, মারুফ, শুভ ওরফে মাষ্টার শুভ, সাজ্জাতুল্লা শোভন, রাব্বি, মন্টু, সম্রাট ওরফে ঠোট কাঁটা সম্রাট, জন, কৃষ্ণ চন্দ্র দাস ও সোহাগ  হত্যাকাণ্ডে জড়িত আছে প্রমাণিত হলেও তদন্ত কর্মকর্তা অভিযুক্তদের সঠিক নাম ঠিকানা সংগ্রহ করতে পারেনি। অপর দিকে ওয়াদ্রিপ ওরফে ওয়াজিবের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না থাকায় তাকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।


 
মামলাটির সার্বিক তদন্তে কাজ করা তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) এসএম শামীম বলেন, ‘চাষাঢ়া রেল স্টেশন এলাকায় মাদক বিক্রি হতো। সেখানকার দুই পক্ষই মাদক ব্যবসায়ীদের কাছ থেকে টাকা দাবী করে আসছিল। মাদক ব্যবসায়ীদের কাছে একটি পক্ষ বলতো আমাদের টাকা দিবে অন্যকে না এবং একই ভাবে অপর পক্ষটিও এমন দাবী করে আসছিল। তদন্ত কর্মকর্তা আরো বলেন, এলাকাটিতে ভাসমান লোকের সমাগমই বেশি। এছাড়াও কিছু ভালো লোক যারা প্রভাবশালীদের ছত্রছাঁয়ায় ক্ষমতাবান ব্যক্তিদের সহযোগিতায় গ্রুপ দুটি গড়ে উঠে।’


 
এদিকে মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়ে মামলাটির বাদী নিহত রাজমিস্ত্রি মো. রুবেল এর ছোট ভাই মো. রাজিব হাসানের সাথে যোগাযোগ করলে তিনি যুগের চিন্তাকে জানান, এই বিষয়ে তিনি কছিুই জানেননা। তবে তিনি অভিযুক্ত সকল আসামীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন। তিনি আরো বলেন, আমার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে আর ফিরে আসবেনা। কিন্তু যারা আমার ভাইকে হত্যা করেছেন তাদের যেন উপযুক্ত শাস্তি হয় সেটাই তার পরিবারের দাবী। এদিেেক সূত্রে জানা গেছে, এই মামলার অভিযুক্ত অধিকাংশ আসামি বিজ্ঞ আদালত থেকে জামিনে রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন