Logo
Logo
×

নগর জুড়ে

ত্বকী হত্যার ১০৫ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১০ পিএম

ত্বকী হত্যার ১০৫ মাস উপলক্ষে আলোক প্রজ্বলন
Swapno

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ১০৫ মাস উপলক্ষে এক আলোক প্রজ্বালনের আয়োজন করা হয়। আজ (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন প্রঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলাঘর নারায়ণগঞ্জ জেলার সভাপতি রথীন চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব সাংবাদিক হালিম আজাদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, হাফিজুল ইসলাম, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, ন্যাপের জেলা যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম টিটু ও চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সদস্য সচিব প্রদীপ সরকার।  

 

নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, আজকে আবরার ফাহাদ হত্যার বিচারের রায় ঘোষিত হলো, ২০ জনকে ফাঁসি ও ৫ জনকে জাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। দেখলাম ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক আসামীর পিতা আহাজারি করে বলছেন, “যারা আমার ছেলেকে অপরাধী বানালো, খুনী বানালো তাদেরতো বিচার হলো না।” আমরা অপরাধী তৈরীর গডফাদারদের বিচার চাই। ত্বকী হত্যার তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে বলেছেন, শামীম ওসমানের ভাতিজা, নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। আমরা আজমেরী ওসমানের ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে এ হত্যার নির্দেশ দাতা শামীম ওসমানকে বিচারের আওতায় আনার দাবি জানায়।

তিনি বলেন, আইনকে কেবলি নিজের প্রয়োজনে ব্যবহার করতে গিয়ে সরকার গোটা বিচার-ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। মুক্তিযুদ্ধের চেতনার উল্টোপথে এ সরকার চলতে চলতে বিচার-ব্যবস্থার সাথে সাথে নির্বাচনী-ব্যবস্থা, মানুষের নিরাপত্তা, মৌলিক অধিকার, গণতন্ত্র সবকিছুকে ধ্বংস করে চলেছে। তিনি সাগর-রুনী, তনু সহ নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, বুলু, মিঠু সহ সকর হত্যার বিচার চান। সাড়ে চার বছর আগে অপহৃত দেড় বছরের শিশু সাদমান সাকির উদ্ধার দাবি করেন।

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব কবি হালিম আজাদ বলেন, ত্বকী হত্যার এক বছরের মধ্যেই তদন্ত সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানিয়েছে ওসমান পরিবারের লোকজন ত্বকীকে হত্যা করেছে। অথচ সে ঘাতক খুনীরা সরকারের সহায়তায় আজো ঘুরে বেড়ায়। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন আপনি বঙ্গবন্ধুর কন্যা হয়ে কখনো ঘাতক, খুনীদের পক্ষ নিতে পারেন না। আপনাকে ত্বকী হত্যার বিচার করতে হবে।

মাহাবুবুর রহমান মাসুম প্রধানমন্ত্রীর কাছে ত্বকী হত্যার বিচার দাবি করেন এবং শামীম ওসমানের উদ্দেশ্যে বলেন, আপনি দম্ভ করেন, আপনার বাহিনীকে লেলিয়ে দিয়েছেন একজন নারী জনপ্রতিনিধির বিরুদ্ধে, কিন্তু কাজ হয়নি। কথায় কথায় লক্ষ জামায়েতের কথা বলেন, কিন্তু আমরা আপনার ক্ষমতা জানি। হুঙ্কার দিয়ে লাভ নেই। নারায়ণগঞ্জের মানুষের অনেক ক্ষতি করেছেন। আর না, এখন থামেন।

 

 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। এর পর থেকে ত্বকীর হত্যার বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোকপ্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন