নারায়ণগঞ্জে বিভাগীয় শ্রম দপ্তর ভবন উদ্বোধন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ পিএম
নারায়ণগঞ্জে বিভাগীয় শ্রম দপ্তরের নবনির্মিত নিজস্ব ভবন উদ্বোধন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আওতাধীন শ্রম অধিদপ্তরের আয়োজনে সারাদেশে ৬টি অফিস পুননির্মাণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় বুধবার (৮ ডিসেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া বালুর মাঠ এলাকায় ১৮ শতাংশ জমির উপর প্রায় সাড়ে আট কোটি টাকা ব্যয়ে পাঁচ তলাবিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হয়েছে। স্থানীয়ভাবে সেখানে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন মোস্তাইন বিল্লাহ, নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক খোরশেদুল হক ভূঁইয়া, উপপরিচালক মহব্বত হোসাইন, সহকারী পরিচালক ইয়াসমিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার পর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা নারায়ণগঞ্জ বিভাগীয় শ্রম দপ্তরের নবনির্মিত ভবনটির নামফলক উন্মোচন করেন।
নারায়ণগঞ্জ শ্রম অধিদপ্তরের পরিচালক খোরশেদুল হক ভূঁইয়া সাংবাদিকদের জানান, জেলার সাড়ে তিন হাজার শিল্প কারখানায় প্রায় বাইশ লক্ষ শ্রমিক কর্মরত আছেন। শ্রমজীবি মানুষদের সকল প্রকার অধিকার আদায়ে এই প্রতিষ্ঠান সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।


