Logo
Logo
×

নগর জুড়ে

প্রাণ-প্রকৃতি রক্ষার তাগিদ মেয়র আইভীর

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:২০ পিএম

প্রাণ-প্রকৃতি রক্ষার তাগিদ মেয়র আইভীর

গতকাল নগরভবনের সম্মেলন কক্ষে ‘আগামীর শহর’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র আইভী।

Swapno

নদী-খাল, পুকুর, খেলার মাঠ রক্ষা করা এবং সবুজায়ন করার লক্ষ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রাণ-প্রকৃতি রক্ষা করতে হবে। প্রকৃতিই মানুষকে রক্ষা করবে। তিনি বাবুরাইল খাল, সিদ্ধিরগঞ্জ খালসহ বিভিন্ন জলাশয় সংরক্ষণের বিষয়টি তুলে ধরে বলেন, ‘নারায়ণগঞ্জকে পূর্বের রূপ ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু চেষ্টা করতে তো আপত্তি নেই।’ বুধবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় নগরভবনের সম্মেলন কক্ষে ‘আগামীর শহর’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। বিশ্বব্যাংকের সহযোগিতায় মিউনিসিপ্যাল গভর্নেন্স অ্যান্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এই সভার আয়োজন করে।


এ সময় মেয়র আরও বলেন, ‘নারায়ণগঞ্জ পুরোপুরি বাসের নগরী। বাস, অটো, রিকশা শহরটার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিশৃঙ্খলা প্রচুর মানুষ বসবাসের কারণে। সিটির মধ্যে যে সকল সার্ভিস দেয়ার কথা চাহিদা তুলনার এর অপ্রতুলতার কারণেই কিন্তু অবৈধ যানবাহন বেড়ে গেছে। এই সকল বিশৃঙ্খলা সমাধানে আমাদের পাশে এসে দাঁড়ায় ওয়ার্ল্ড ব্যাংক, ইউনিসেফ, এডিবি, ইউএনডিপি এবং সরকারি প্রকল্প। দেখতে দেখতে আমরা অনেক শৃঙ্খলার মধ্যে চলে এসেছি।’


তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার প্রথম আপনাদের কাছে ভিশন নিয়ে আসে। তারপর থেকে আমরাও বিভিন্ন ধরনের ভিশন নিয়ে এসেছি। পৌরসভা যখন ছিল তখন থেকে ২০২১ সাল পর্যন্ত আমরা একটা ভিশন হাতে নেই। পরবর্তীতে তা ২০৪১ এ চলে গেছে। আমরা আশা করি যে, প্রকল্পগুলো আজ আলোচনা হচ্ছে তা ২০৪১ এর মধ্যে শেষ করতে পারবো। ব্রিটিশ আমল থেকে আমাদের বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনাল একসঙ্গে। এই তিনটার ঐতিহ্য আমরা সেভাবে ধরে রাখতে পারিনি, বিশৃঙ্খল অবস্থা। এটা ধরে রাখার জন্য সরকার ১৪টি ‘মাল্টিমিডিয়া হাব’ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। যার মধ্যে নারায়ণগঞ্জ একটা হবে। আরেকটা সুখবর হলো, কী ধরনের ট্রান্সপোর্ট নারায়ণগঞ্জে থাকলে সুবিধা সেটা নিয়েও মাস্টার প্ল্যান হচ্ছে এবং ঢাকা বিটিসি এ নিয়ে কাজ করছে। খুব তাড়াতাড়ি তারা নারায়ণগঞ্জে সশরীরে কাজ করবে।’


প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ‘ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট’ স্থাপনের বিষয়ে প্রকল্প মন্ত্রণালয়ে আবেদন জমা পড়েছে বলে জানান সিটি মেয়র। তিনি বিশ্বব্যাংকের কর্মকর্তাদের কিছু ‘ওয়াটার ট্রিটমেন্ট বেস’ করে দেওয়ার অনুরোধ জানান। একই সাথে শীতলক্ষ্যা নদীকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান। তিনি বলেন, সিটি কর্পোরেশন ড্রেনের পানি ইটিপি প্ল্যান্ট দ্বারা পরিশোধিত করে নদীতে ফেলার বিষয়ে চিন্তা-ভাবনা করছে।


এই সময় আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আসগর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, সহকারী প্রকৌশলী মশিউর রহমান, সিটি কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শাওন অংকন, হোসনে আরা বেগম, কবির হোসাইন, ইকবাল হোসেন, গোলাম নবী মুরাদ, মনোয়ারা বেগম, সামসুজ্জোহা, আরিফুল হক হাসান, নারায়ণগঞ্জ মহিলা পরিষদের সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, আয়োজক সংস্থা এমজিএসপির পরিবেশ বিশেষজ্ঞ ইকবাল হোসেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন কবির, খেলাঘর আসরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সাবেক জেলা সভাপতি শংকর সাহা, নারায়ণগঞ্জ টাউন ফেডারেশনের সভাপতি সালমা সুলতানা প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন