মাউরা হোটেলসহ ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ১ লাখ ৯০ হাজার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৩৩ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ ডিসেম্বর) শহরের কালিরবাজার ও সিদ্ধিরগঞ্জে অভিযান চালান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান।
সেলিমুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জের প্রাণ বল্লভ সুইটসকে অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি তৈরি, ফ্রিজের মধ্যে নষ্ট ও বাসি মিষ্টি সংরক্ষণ এবং উৎপাদিত দই এর গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য লিপিবদ্ধ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা ও ৪৩ ধারায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
মেয়াদউত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে সোনারগাঁ মেডিসিন কর্ণারকে ৫১ ধারায় ১০হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহরের কালিরবাজার এলাকায় মাউড়া হোটেলকে উৎপাদিত দই ও ফিন্নির গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরামূল্য লিপিবদ্ধ না করার অপরাধে ৩৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


