মেয়র হিসেবে শেষ অফিস করলেন ডা.সেলিনা হায়াৎ আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:৩৮ পিএম
দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হওয়ার পর মেয়র হিসেবে সর্বশেষ অফিস করেছেন জেলা ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জয়ী হওয়ার পর ২০১৭ সালের ৬ জানুয়ারি শপথ বাক্য পাঠের পর দ্বিতীয় মেয়াদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয় হিসেবে দায়িত্ব নেন ডা.আইভী। মঙ্গলবার ১৪ ডিসেম্বর মেয়র হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের শেষ কার্যদিবস হিসেবে অফিস করেছেন ডা.আইভী । এমনটি নিশ্চিত করেছেন নাসিকের প্রধান নির্বাহী আবুল আমিন। তিনি জানান, ‘মঙ্গলবার ছিল মেয়র সেলিনা হায়াত আইভীর শেষ কর্মদিবস ছিল। তিনি দুপুরে মন্ত্রণালয়ে পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন।’
এদিকে শেষ কার্যদিবসে মেয়র আইভী প্রাণবন্ত হয়েই অফিস করেছেন। মঙ্গলবার দুপুরে নাসিক ভবনের নির্মাণাধীন মিলনায়তনে এডিবি সাহায্যপুষ্ট (ইউআইআইপিএফ-এনসিসি) প্রকল্পের অবকাঠামো উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা যাচাই বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মেয়র আইভী বলেন, ‘আমরা কেমন নারায়ণগঞ্জ চাই এ বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, যদি আল্লাহ আমাকে সফল করে। যেহেতু আমি বুধবার (১৫ ডিসেম্বর) মনোনয়ন ফরম জমা দেবো, তাই আমি হয়তো আর অফিসেও আসবো না।’
২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠেয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রথম নারী মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০১৬ সালের ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় নাসিকের দ্বিতীয় নির্বাচনে বিজয়ী হয়ে টানা দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আইভী। এরআগে ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যানও ছিলেন তিনি। জনপ্রতিনিধি হিসেবে টানা ১৮ বছর দায়িত্ব পালন করার মতো বিরল কৃতিত্ব একমাত্র ডা. সেলিনা হায়াৎ আইভীর।
২০২২ সালের ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাসিকের তৃতীয় নির্বাচনেও আওয়ামী লীগের মনোনিতপ্রার্থী হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির চারজনসহ এই পর্যন্ত নাসিক নির্বাচনে মেয়র পদে ১১ জন মনোনয়নপত্র কিনেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়নপত্র বাঁছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচনের পর ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি প্রথম সভা হয়। সেক্ষেত্রে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতো বর্তমান জনপ্রতিনিধিদের। মেয়াদের আগে চলতি বছরের ১১ অগাস্ট থেকে আগামী বছরের ৭ ফেব্রুয়ারির মধ্যে নারায়ণগঞ্জ সিটির নির্বাচন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ১৬ জানুয়ারি।


