ফুল বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:১২ পিএম
নারায়ণগঞ্জ নগরীতে গতকাল( ১৪ ডিসেম্বর) মঙ্গলবার রাত ১১টার দিকে আমলাপাড়া এলাকায় এক ফুল বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়। আবদুল কাদের নামের এক ফুল বিক্রেতাকে হত্যা করে একটি ভবনের নিচে ফেলে গেছে দুর্বৃত্তরা।
রাত সাড়ে ১২টার দিকে মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে নিয়েছে পুলিশ।শেরপুরের চাপাতলী এলাকার ৩৩ বছর বয়সী আবদুল কাদের নারায়ণগঞ্জের খানপুরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
সদর মডেল থানায় পুলিশ পরিদর্শক সুজন হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কাদেরের গলা, হাত ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি আরও জানান, রাত ১১টার দিকে নগরীর আমলাপাড়া এলাকায় একটি পাঁচ ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে দেখে হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাদেরের স্ত্রী শারমিন বেগম বলেন, ‘আমার স্বামী ফুলের দোকানে কাজ করতেন। আমার একটি সন্তান ক্যানসারে আক্রান্ত। সকালে স্বামীকে বাড়িতে রেখে আমি গার্মেন্টসে কাজে চলে যাই। বিকেলে উনি বাইরে যান।‘রাত সাড়ে ১১টার দিকে একজন ফোন করে জানায়, আপনার স্বামীকে হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আমাকে সেখানে যেতে বলেন। হাসপাতালে গিয়ে দেখি উনি মৃত। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার চাই।’
পুলিশ কর্মকর্তা সুজন হক জানান, এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।


