প্রকৃত কর্মীর আইভীর পক্ষে কাজ করা উচিত: আনোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:৩১ পিএম
বিজয়ের ৫০ বছর পূর্তিতে মহানগর আওয়ামীলীগের আয়োজনে বিজয় দিবস উদযাপন উপলক্ষে পিঠা উৎসব ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেছেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে যাকে মনোনয়ন দিয়েছেন তার পক্ষেই কাজ করা উচিত। দল যারা করে তাদের সকলকেই নৌকার পক্ষে কাজ করা উচিত, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক কাজ করা উচিত। মনোনয়ন না পাওয়াতে শেখ হাসিনার প্রার্থীর পক্ষে কাজ করবো না, এমন মনোভাব কোনো সাচ্চা কর্মীর হতে পারে না। আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মীর উচিত নৌকার মাঝি আইভীর পক্ষে কাজ করা। নৌকার মাঝিকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ নৌকা স্বাধীনতার প্রতিক, নৌকা জনগণের প্রতিক।
’ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় দেওভোগে মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আতিকুজ্জামান সোহেলের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পিঠা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। বিজয়ের ৫০ বছর উপলক্ষে এই আয়োজন করা হয়। এই সময় মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রধান করা হয়। আনোয়ার হোসেন আরও বলেন, ‘যেই জায়গায় সন্ত্রাস, অন্যায়, অপরাজনীতি সেই জায়গায় প্রতিবাদ করেছেন বঙ্গবন্ধু। এই অন্যায়ের প্রতিবাদ করায় তাকে অসংখ্যবার জেল খাটতে হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর সবাই বঙ্গবন্ধুর কর্মী হয়ে গেল। অথচ বঙ্গবন্ধু মারা যাওয়ার পর তাদের খুঁজে পাওয়া যায়নি। এখন আবারও শুনি, সবাই আওয়ামী লীগ। বিএনপি আওয়ামী লীগ, জামায়াতও আওয়ামী লীগ। চারদিকে সবাই আওয়ামী লীগ। জামাত-বিএনপিকে নৌকা মার্কা দেওয়া হচ্ছে। এই অবস্থা থেকে পরিত্রান পেতে আওয়ামী লীগের সাচ্চা কর্মীদের সামনে নিয়ে আসতে হবে। নিজের শক্তি প্রদর্শনের জন্য অনেকে অন্য দলের মানুষকে নিজ দলে ভেড়াচ্ছে। এইটা বন্ধ করতে হবে।
’ ডা. আতিকুজ্জামান সোহেলের সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী, বীর মুক্তিযোদ্ধা আশ্রাফুজ্জামান তোতা, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু, ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন সুমন, যুব মহিলা লীগ নেত্রী নুরুন্নাহার সন্ধ্যা সহ প্রমূখ।


