বিজয় সমাবেশ উপলক্ষে আ’লীগের প্রস্তুতিমূলক সভা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২১, ০৫:১৭ পিএম
বিজয় সমাবেশ উপলক্ষে নেতা-কর্মীদের সাথে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ২নং রেলগেইটে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন সাহার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল কাদির, এড.আসাদুজ্জামান আসাদ, আরজু ভূইয়া, আদিনাথ বসু, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু প্রমুখ।
সভায় আব্দুল হাই বলেন, কেন্দ্র থেকে যে নেতারা আসছেন এটা আমাদের সৌভাগ্য। সব সময় তারা আসেন না। আর এবার তারা নেজ থেকে আসছেন। এটা অনেক বড় বিষয়। আর নির্বাচনে আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হব। তবে নির্বাচনে কাউকেই ছোট করে দেখতে নেই। এটা আপনারা ভুলেই ভাববেন না যে আওয়ামী লীগ ক্ষমতায় আছে দেখে আমরা পাশ করে ফেলবে সহজে। আমরা জনগণের ভোটে ও জনগণের রায়েই নির্বাচিত হতে চাই।
আনোয়ার হোসেন বলেছেন, আমাদের সাথে প্রধামন্ত্রী শেখ হাসিনার কথা হয়েছে। এবং নির্বাচনের সমন্বয়ক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির নানকের সাথে কথা হয়েছে। জাহাঙ্গীর কবির নানক আমাদের বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দী, প্রতিপক্ষ থাকতে পারে। কিন্তু নির্বাচন একজনই করবে। মনোনয়ন যাকে দেওয়া হয়েছে, যাকে নৌকার মাঝি বানানো হয়েছে তার সাথে সকলে মিলে কাজ করবেন। আমরাও কেন্দ্রকে কথা দিয়ে এসেছি আমরা সকলে একসাথে কাজ করবো। আপনারা যারা আজ এখানে উপস্থিত আছেন আপনারা সকলে মাথায় রাখবেন প্রতিপক্ষ যাতে কখনো মনে না করে আমাদের মধ্যে ঐক্য নেই। আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। আর আগামী শুক্রবারের সমাবেশে সফল করতে সকলের অংশগ্রহণ জরুরী। তাই সকলেই আসবেন প্রতিটি ওয়ার্ড থেকে। ভিপি বলেন, নারায়ণগঞ্জে অনেকেই মনোনয়ন চেয়েছে। তারা চাইতেই পারে। চাওয়ার পরে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন সেটাই চূড়ান্ত। প্রধানমন্ত্রী বলেছেন সকলেই যোগ্য কিন্তু দিতে তো হবে একজনকে। উনার চিন্তা চেতনায় যাকে তিনি যাকে সিদ্ধান্ত দিয়েছেন তিনি হলেন আমাদের ডা. সেলিনা হায়াৎ আইভী। কেন্দ্র থেকে যে নেতারা আসবেন তাদের চাইলেই আনা যায় না। কিন্তু তারা এবার নিজ ইচ্ছায় আসছেন। তারা যে আসছেন এই বার্তাটুকু সকলের কাছে পৌছে দিবেন। আপনাদের সকলের এই আসাতে যেন আগামী নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে জয়ী হয়।


