আইভীর আহ্বানে জনসমুদ্র আ.লীগের বিজয় সমাবেশ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ০৩:১৪ পিএম
নাসিক নির্বাচনে মেয়র প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আহ্বানে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের বিজয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত অর্ধলক্ষাধিক নেতা-কর্মী এই সমাবেশে যোগ দিয়েছেন।
সমাবেশের উপস্থিতি দেখে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারাও এই সমাবেশকে জনসমুদ্রের সাথে তুলনা করেছেন। জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে যোগ দেননি সাংসদ শামীম ওসমান ঘনিষ্ঠ বেশির ভাগ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুর তিনটায় নগরীর শেখ রাসেল নগর পার্কে শুরু হয় বিজয় সমাবেশ। এর আগে এই সমাবেশে যোগ দিতে কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জ শহরে আসেন। তারা প্রথমে শহরের ২নং রেলগেইট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে তারা দেওভোগের একটি মসজিদে জুমার নামাজ আদায় করেন তারা।
জুমার নামাজের পর থেকে শহর, বন্দর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে শুরু করেন নেতা-কর্মীরা। স্লোগান দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলের সভাপতি শেখ হাসিনার নামে। তারা দলীয় প্রতীক নৌকার পক্ষে, আইভীর পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এই সমাবেশ চলে সন্ধ্যা পর্যন্ত। এতে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগ নেতারারও বক্তব্য রাখেন।
তারা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সিটি মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী করার আহ্বান জানান। দলীয় সূত্র বলছে, জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হলেও আসন্ন সিটি নির্বাচনকে কেন্দ্র করে নেতা-কর্মীদের উৎসাহ জোগাতেই এই সমাবেশ। এই সমাবেশে যোগদানের জন্য নেতা-কর্মীদের আহ্বান জানান নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তার আহ্বানে সাড়া দিয়ে বিপুল জনসমাগম ঘটনার নেতা-কর্মীরা। নেতা-কর্মীরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিশাল জনসমাবেশ ঘটিয়ে নিজের শক্তি ও সামর্থ্যরে পরিচয় দিয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।
প্রায় অর্ধলক্ষ নেতা-কর্মীর উপস্থিতির এই সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা ছিলেন সাবেক নাসিক মেয়র ও ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খোকন সাহার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন, এবিএম মোজাম্মেল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সংরক্ষিত আসনে সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, আরজু রহমান ভূঁইয়া, মিজানুর রহমান বাচ্চু, মো. আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল প্রমুখ।


