‘আসল মোশতাক তো তারাই’ : কাউন্সিলর রুহুল আমিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০৫:৩১ পিএম
গতকাল সকালে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যুগের চিন্তা’র সম্পাদক ও চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলাকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর রুহুল আমিন মোল্লা।
আমাদের সেলিনা হায়াৎ আইভী একসময় একাই প্রতিবাদ করতো। আস্তে আস্তে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে। আমরা সকলেই মিলে এই পরিবর্তনের হাওয়াটাকে ত্বরান্বিত করবো।
আমরাও প্রতিবাদী হবো। অন্যায়কারী যেই হোক তাকে ঘৃণা করবো। প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে আমরা সহযোগী হব। রুহুল আমিন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনকে ঘিরে নানা ধরণের অপপ্রচার চলছে। একটি চক্র দেখতাম মাননীয় প্রধানমন্ত্রীর উপর নির্ভর করে টিকে থাকে এবং সবসময় তারা বলে, মোশতাক মোশতাক। মোশতাকে চিনে রাখুন। কিন্তু আজকে তাদের ভূমিকাই মোশতাকের মতো। আসল মোশতাক কে এটা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে। আমরা মোশতাকের জায়গা আওয়ামী লীগে চাইনা। আমাদের মধ্যে যেসব মোশতাক প্রধানমন্ত্রীর দেয়া মার্কাকেও সমর্থন করেনা বা সেই মার্কার জন্য কাজ করবেনা আসল মোশতাক তো তারাই। তৃণমূল আওয়ামী লীগ কখনো মোশতাকের আচরণ করতে পারেনা। আমরা বঙ্গবন্ধুর নৌকার পক্ষে, আমরা প্রধানমন্ত্রীর সিদ্ধানেই অটল। এই নির্বাচনেও আওয়ামী লীগের মার্কা, প্রধানমন্ত্রীর মার্কা, স্বাধীনতার মার্কা নৌকার পক্ষেই আমরা আছি এবং থাকবো।
গতকাল সকালে নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যুগের চিন্তা’র সম্পাদক ও চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলাকে সংবর্ধনা দেয় ৮ নং ওয়ার্ডের গোদনাইল এলাকার বীর মুক্তিযোদ্ধা ও মুরুব্বীরা। অনুষ্ঠানে প্রধা অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল আমিন আরো বলেন, দীর্ঘ ১০ বছর কাউন্সিলর হিসেবে থেকে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে এলাকায় অনেক পরিবর্তন করেছি, মানুষের জন্য কাজ করেছি। ভালো কাজ করেছি বিধায়ই অনেকে আমার বাধা হয়ে দাঁড়িয়েছে, অনেক ষড়যন্ত্র করছে। এই বাধাকে উপেক্ষা করে ওয়ার্ডবাসী আমার পক্ষে দাঁড়াবে। কোন ষড়যন্ত্র পার পাবেনা। সত্যের নৌকা দশবার ভাসে, মিথ্যার নৌকা একবার ডুবলে আর উঠানো যাবেনা।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিনের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা এহসান কবীর রমজানের সঞ্চালনায় সংবধনা অনুষ্ঠানে দৈনিক সংবাদের চীফ রিপোর্টার সালাম যুবায়ের, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান সাউদ, শহীদ বীর মুক্তিযোদ্ধা শহিদ শহিদুল্লাহ’র বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ সাউদ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মোহলা বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান, এনায়েতনগরের বিশিষ্ট ব্যবসায়ী শামীম হাসান, সাবেক ছাত্রনেতা ঝিলিমিলি খেলাঘরের সভাপতি মো. শাহজালালসহ এলাকার মুরুব্বী, যুবক ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


