প্রতিশ্রুতির কদমরসুল সেতুর টেন্ডার হয়েছে: আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৩৫ পিএম
গতকাল সকালে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি: কে.এইচ মিলন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘প্রতিশ্রুতির কদমরসুল সেতুর টেন্ডার হয়েছে, ইনশাল্লাহ আমরা ভিত্তিপ্রস্তর করবো। সব এলাকারই প্রাথমিক চাহিদার কাজ করে দিয়েছি।
নতুন নতুন যে দাবি আসছে সেগুলোও পূরণের চেষ্টা করবো। আগেও জনগণের চাহিদা অনুযায়ী কাজ করেছি, আগামীতেও করবো।’ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকায় গণসংযোগ পরিচালনার সময় সাংবাদিকদের সামনে এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘জনগণ তো আমার পুরোনো। আমি বিগত দশ বছর কাজ করেছি।
এই এলাকায় প্রচুর কাজ করেছি, আপনারাও দেখেছেন। আমি নগরবাসীর সাথে আমি কোনো সন্ত্রাসী কর্মকান্ড কখনও করি নাই, চাঁদাবাজি করি নাই। মানুষের কোনোদিন কোনো ক্ষতি করি নাই। জনকল্যানে, মানুষের কল্যানে কাজ করেছি। ঈমানের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চালানোর চেষ্টা করেছি। মানুষের সেবা করেছি। আমি চাই আগামী ৫ বছর আমাকে কাজ করার জন্য আবারও সুযোগ দিবেন। যেন আমি তাদের খেদমত করতে পারি।’ আইভী বলেন, ‘মানুষের চাহিদা মোতাবেক প্রতিনিয়ত পরিকল্পনা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাধ্যের মধ্যে মানুষের চাহিদা অনুযায়ী কাজ করেছি। সরকার টাকা দিয়েছে, সেই টাকায় প্রচুর কাজ করেছি। বিভিন্ন দাতা সংস্থাও সহযোগিতা করেছে। আমি চাই এই ধারা অব্যাহত থাকুক।’ নৌকা প্রতীকের এই মেয়র প্রার্থী বলেন, ‘এই এলাকার (জালকুড়ি পশ্চিমপাড়া) মানুষের চাহিদা হচ্ছে মাঠ ও স্কুল। তবে এখানে কোনো জায়গা নেই। আল্লাহ আমাকে কামিয়াব করলে আমি জায়গা অধিগ্রহণ করে এগুলো করে দেবো।
’ সকাল দশটায় জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী৷ তিনি হেঁটে হেঁটে এলাকাবাসীর সাথে কথা বলেন। ভোট প্রার্থনা করেন। তার পক্ষে লিফলেট বিতরণ করেন কর্মী-সমর্থকরা। পশ্চিমপাড়া ছাড়াও জালকুড়ির মাঝপাড়া, পূর্ব জালকুড়ি, উত্তরপাড়া পুল এলাকাসহ বিভিন্ন পাড়া-মহল্লা ঘোরেন আইভী। পথিমধ্যে জালকুড়িতে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কার্যালয়ে ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানায় স্থানীয় মুক্তিযোদ্ধারা। পূর্বের মতো এবারও আইভীর পক্ষে আছেন বলে জানান। বেলা পৌনে ১২টার দিকে জালকুড়ি এলাকার আওয়ামী লীগের কর্মী শাহ্ আলম প্রধানের বাড়িতে যান।
সদ্য প্রয়াত শাহ্ আলম প্রধানের পরিবারের লোকজনের সাথে কথা বলেন আইভী। সকলকে সমবেদনা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী শাহ্ আলমের পরিবারের পাশে সবসময় থাকবেন।


