Logo
Logo
×

নগর জুড়ে

‘ট্যাক্স কমানো’ নিয়ে তৈমূর স্ট্যান্টবাজি করছে : আইভী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২১, ০২:৪২ পিএম

‘ট্যাক্স কমানো’ নিয়ে তৈমূর স্ট্যান্টবাজি করছে : আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকারের ‘ট্যাক্স কমানো’র প্রতিশ্রুতিকে মিথ্যা, স্ট্যান্টবাজি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি উত্তরপাড়া এলাকায় সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন। এর আগে তৈমুর আলম খন্দকার তার প্রচারণায় দাবি করেছেন তিনি মেয়র নির্বাচিত হতে পারলে হোল্ডিং ট্যাক্স, পানির কর এবং ট্রেড লাইসেন্স ফি কমিয়ে দেবেন। তবে এই প্রতিশ্রুতিকে রাজনৈতিক স্ট্যান্টবাজি বলে দাবি করেছেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘ওয়াসা থেকে পানি সরবরাহের দায়িত্ব মাত্র নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন।

 

প্রতি মাসে এক থেকে দেড় কোটি টাকা ব্যয় হয় পানি সরবরাহের পেছনে। মাসে এক কোটি টাকা ঘাটতি আছে। পাম্প চালানোর জন্য বিশ লাখ টাকার উপরে বিদ্যুৎ বিল আসে। উনি যদি পানির জন্য ট্যাক্স মওকুফই করে দেন তাহলে বিদ্যুৎ বিল কোত্থেকে দেবেন? এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেওয়া ঠিক না। এইটা এক ধরনের রাজনৈতিক স্ট্যান্টবাজি।’ আইভী বলেন, ‘তৈমুর আলম খন্দকার তো বিআরটিসির চেয়ারম্যান ছিলেন। ওই সময় তিনি বাসের ভাড়া বাড়িয়েছিলেন নাকি কমিয়েছিলেন? উনি তো বাসের ভাড়া বাড়িয়ে বিআরটিসিকে একটি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেছেন বলে দাবি করেন।’ তিনি আরও বলেন, ‘একদম মওকুফ দেওয়ার অধিকার কারও নাই।

 

সিটি কর্পোরেশন চালাতে হলে ট্যাক্সের পয়সায় চালাতে হবে। এই ট্যাক্স সহনশীল করার জন্য আমি ১৫ শতাংশ সকলকে ছাড় দেই। এইটা সাধারণ মানুষ জানে। আরও ছাড় দেওয়া যায় কিনা সেইটাও বিবেচনায় থাকবে। তবে বাড়ির ছাদে বাগান করলে ১৫ শতাংশ ট্যাক্স মওকুফ করতে পারি। এইটা সরকারই নিয়ম করেছে।’ তিনি জানান, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) সিটি কর্পোরেশনকে অর্থ সহায়তা দেবে। এডিবির দেওয়া ৮শ’ কোটি টাকা পানি সরবরাহের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এই টাকায় লাইনগুলো প্রতিস্থাপন করা এবং যেসব ওয়ার্ডে পানির লাইন নেই সেখানে পানির লাইন স্থাপনের ব্যবস্থা হবে। সমগ্র সিদ্ধিরগঞ্জ অঞ্চলে নতুন লাইন দেওয়ার পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি।

 

সকাল দশটায় নগরীর ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি পশ্চিমপাড়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন সেলিনা হায়াৎ আইভী। রাত পর্যন্ত তিনি এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা ও অলি-গলি ঘুরে বেড়ান। কথা বলেন সাধারণ মানুষের সাথে। ভোট প্রার্থনা করেন তাদের কাছে। এদিকে সকালে ১৮ নম্বর ওয়ার্ড এবং বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালিয়েছেন তৈমুর আলম খন্দকার। তিনিও ভোটরদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন