নির্বাচন ঘিরে আর লাশ দেখতে চায় না ইসি
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২, ০৭:৩৭ পিএম
‘নির্বাচনকে ঘিরে আর লাশ দেখতে চান না’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। এসব নির্দেশনা পালন করা হচ্ছে কিনা তা নিজে মনিটর করবেন বলেও জানান।
রোববার (২ জানুয়ারি) দুপুরে শহরের চাষাঢ়ায় সমবায় বাণিজ্যিক ভবনে সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। এর আগে আচরণবিধি লঙ্ঘন, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কাসহ নানা অভিযোগ করেন প্রার্থীরা। এসব অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, সকলের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যাবেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র্যাব ও ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। ভোটারদের মাঝে যেন ক্ষোভের সৃষ্টি না হয়। তারা যাতে বলতে পারে, সুন্দর, সুষ্ঠু নির্বাচন দেখেছেন।
সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আমার জীবনে আমি বহু লাশ দেখেছি। নির্বাচনকে কেন্দ্র করে আমি আর লাশ দেখতে চাই না। ইভিএম নিয়ে শঙ্কা প্রকাশ করা প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার বলেন, ইভিএমে একটির বেশি ভোট দেওয়া যায় না। একজন একটির বেশি ভোট দিতে পারেন এমন প্রমাণ দেখাতে পারলে আগামী ১৬ জানুয়ারি ইভিএমে ভোট হবে না। সুতরাং আশঙ্কার কোনো কারণ নেই। জোর করে একজনের ভোট আরেকজন না দিলে ইভিএমে কারচুপি করার সুযোগ নেই। কেউ জোর করলে এজেন্টরা বাধা দিবেন। প্রয়োজনে ভোটগ্রহণ বন্ধ করে পুনরায় ভোটগ্রহণ করা হবে।
নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক সদস্যদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অভিযান পরিচালনা করবেন। নির্ধারিত সময়ের আগে মাইকে প্রচারণা চালঅতে জব্দ ও জরিমানা করবেন। প্রয়োজনে জেল-হাজতে পাঠাবেন। আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে আপনাদেরও আমরা ছাড় দিবো না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানসহ নাসিক নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।


