বৈধ গ্যাস সংযোগ দিলে অবৈধ থাকবে না : কাজিম উদ্দিন
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২, ০৯:২৩ এএম
গতকাল বুধবার তিতাস গ্যাস আঞ্চলিক ইউনিয়ন (সিবিএ) এর নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের সকল কর্মচারীবৃন্দ’র উদ্যোগে কমিটির নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিতাস গ্যাস আঞ্চলিক ইউন
তিতাস গ্যাস আঞ্চলিক ইউনিয়ন (সিবিএ) এর নবনির্বাচিত পরিষদের সভাপতি মো. কাজিম উদ্দিন প্রধান বলেছেন, লক্ষ লক্ষ গ্রাহক অবৈধ গ্যাস লাইন ব্যবহার করছে শুধুমাত্র আমাদের ভুল সিদ্ধান্তের কারণে। অবৈধ গ্যাস সংযোগের সাথে আমার তিতাস গ্যাস শ্রমিক কর্মচারীরা জড়িত না।
তাদেরকে এধরণের অপবাদ দিবেন না। হয় অবৈধ গ্যাস অপসারণ করুন না হলে তাকে বৈধ করার ব্যবস্থা গ্রহণ করুন। বছর বছর টাকা দিয়ে লাইসেন্স নবায়ন করে যে ঠিকারদাররা লাইসেন্স প্রাপ্ত হয়ে কাজ করত। এখন তাদের কাজ করতে দেওয়া হয় না। আমি আশা করব আবারও আবাসিক গ্যাস লাইনের বৈধ সংযোগ দেওয়া হবে এবং ঠিকারদাররাও কাজ করে বাঁচবে। বৈধ গ্যাস লাইন দেওয়া শুরু হলে আমার মনে হয় কেউ আর অবৈধ গ্যাস ব্যবহার করবে না।
তিনি বলেন, হয় আবাসিক বৈধ গ্যাস লাইনের সংযোগ ছেড়ে দেওয়া হবে, না হয় তাদের জন্য আইন পাশ করতে হবে যে, যদি কোন গ্রাহক অবৈধ গ্যাস লাইন ব্যবহার করে তাহলে তাদের কমপক্ষে ৭ দিনের হাজতের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাহলে কোন দিন কোন গ্রাহক আর অবৈধ গ্যাস ব্যবহার করবে না। গতকাল বুধবার তিতাস গ্যাস আঞ্চলিক ইউনিয়ন (সিবিএ) এর নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি এবং নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ অঞ্চলের সকল কর্মচারীবৃন্দ’র উদ্যোগে কমিটির নবনির্বাচিত কেন্দ্রীয় পরিষদের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য কালে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, দীর্ঘ ২৭ বছর তিতাস গ্যাস এর কোন নির্বাচন ছিল না।
এই ২৭ বছর যখন যারাই ক্ষমতায় (সরকারে) ছিল তারাই এর নেতৃত্ব দিত। এই সময়গুলোতে কর্মচারী ভাই-বোনদের কোন মূল্যায়ণ ছিল না। তাই আমি আমার নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে তিতাস গ্যাসের নির্বাচন প্রক্রিয়ার ব্যবস্থা করি। সেই নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিয্যবাহী পরিষদকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করিয়েছেন। পর পর তিনবারের নির্বাচনেই এই প্যানেলকে বিজয়ী করিয়েছেন। এবার আমাদের প্যানেলের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং জামানত হারানোর ভয়ে কেউ নির্বাচনে না আসায় আমরা বিনাভোটে জয়ী হয়েছি। এই পরিষদের যারা আছে ন্যায় ও সত্যের পথে থেকে নেতৃত্ব দিচ্ছে, সত্যের পথে থেকে প্রতিবাদ করছে।
আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, তাই আমরা আমাদের দল ক্ষমতায় থাকার পরও নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে নেতৃত্ব দেই। যতদিন পর্যন্ত আমরা বঙ্গবন্ধুর সৈনিকরা এখানে থাকব, ততদিন পর্যন্ত নির্বাচনের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারিত হবে। তিনি বলেন, তিতাস গ্যাসের যে দুরাবস্থা চলছে তাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তিতাস গ্যাস কোম্পানী প্রতি ইউনিট এলএমজি কিনে ৭টাকায় কিন্তু বিক্রি করে ৩ টাকায়। বাকি ৪ টাকা সরকার বলেছিল সরকার দিবে, কিন্তু তারা দিচ্ছে না। তাই তিতাস গ্যাস থেকেই এই টাকা নেওয়া হচ্ছে। আর এভাবে টাকা নিতে থাকলে একদিন তিতাস গ্যাস দেউলিয়া হয়ে যাবে। তিনি বলেন, উড়ো চিঠির মাধ্যমে যেভাবে শ্রমিক কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তা আমরা মেনে নিব না। উড়ো চিঠির মাধ্যমে কর্মচারীদের নাজেহাল করতে হলে কর্মকর্তাদেরও নাজেহাল করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, কর্মকর্তা বারবার নিয়োগ হচ্ছে কিন্তু কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে না। আপনারা অনেক কর্মকর্তা নিয়োগ দিয়েছেন এখন কর্মচারী নিয়োগ দিবেন তারপর আবার কর্মকর্তা নিয়োগ দিতে পারবেন।
যারা দৈনিক ভিত্তিকে কাজ করছে তাদেরকে স্থায়ী করার জন্য মহামান্য আদালত বারবার তাগিদ দেওয়ার পরও আপনারা তা করছেন না। এখন আবার আইন মন্ত্রনালয়ে পাঠিয়েছেন, আমি আশা করব সেখান থেকে পাস হয়ে আসবে। তাদেরকে স্থায়ী করার ব্যবস্থা গ্রহণ না করলে আমরা কর্মচারী কর্মকর্তা কোন কিছুরই নিয়োগ দিতে দেবো না। নারায়ণগঞ্জ আঞ্চলিক অফিসের সভাপতি রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তিতাস গ্যাস এম্পøয়ীজ ইউনিয়নের সাবেক সভাপতি এইচএম মোতালেব হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ তিতাস এর ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ, তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সাধারণ সম্পাদক সৈয়দ আয়েজ উদ্দিন আহমেদ, তিতাস গ্যাস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ তিতাস গ্যাস এর বিভিন্ন আঞ্চলিক অফিস এর নেতা ও কর্মচারীগণ।


