কোন ভয় না করে মানুষ আমাকে ভোট দিবে : আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০১:৪০ পিএম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা.সেলিনা হায়াৎ আইভী গতকাল সকালে ১১নং ওয়ার্ড হাজীগঞ্জ, তল্লা, কিল্লারপুর এলাকায় ও বিকেলে ১৪নং ওয়ার্ড গোয়ালপাড়া, নন্দীপাড়া, দেওভোগ আখড়া, পানি ট্যাংকি এলাকা সহ বিভিন্ন গলিতে নৌকা প্রত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি কোনো ওয়াদা ভঙ্গ করি নাই। কোনো অন্যায়, অত্যাচার, জুলুম এবং চাঁদাবাজিও করি না। সুতরাং ভোটাররা আমাকে বেছে নিবে। কোনো শঙ্কা এবং কোনো ভয় না করে মানুষ আমাকে ভোট দিবে। ইনশাল্লাহ নৌকা বিজয় হলে নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন হবে।
’ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় ১১নং ওয়ার্ডে প্রচারণা চালানোর সময় সাংবাদিকদের সামনে এইসব কথা বলেন। ১১নং ওয়ার্ডের এম সার্কেস রোড থেকে শুরু করে ওয়াটার ওয়ার্কাস রোড (পানির কল), হাজীগঞ্জ, তল্লা, খানপুর এলাকায় গণসংযোগ করেন তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করছেন না জানিয়ে আইভী বলেন, নিয়ম অনুযায়ী তিনটা ওয়ার্ড মিলিয়ে একটা মাইক দিয়েছেন। সকালে কোনো মাইক চলে না। এ বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ করে কোনো লাভ নেই। নারায়ণগঞ্জের জনতা আমার পাশে।
নৌকার বিজয় হবে এজন্য উনি (তৈমুর আলম) দিশেহারা হয়ে অনেক কিছু বলছেন। সুতরাং তার অভিযোগগুলো সঠিক না। প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছেন জানিয়ে দুইবারের নির্বাচিত এই মেয়র বলেন, ‘ছোট বাচ্চা থেকে শুরু করে নারীরাও আমার পাশে। আর জয়ের বিষয়ে আমি একশ’ ভাগ আশাবাদী। আমিই জিতব ইনশাল্লাহ। কারণ মানুষ সাড়া দিচ্ছে। নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা যেখানে যাবেন সেখানেই দেখবেন। উনিও যেখানে যাচ্ছেন সেখানেও লোক সমাগম হচ্ছে, কেউ তো বাধা দেয়নি।
আমি আমার প্রচারণা চালাচ্ছি তৈমুর কাকাও তার প্রচারণা চালাচ্ছে। কোথাও কোনো রকমের বিঘ্নতা দেখা দেয়নি। আশা করি ১৬ তারিখ পর্যন্ত এটাই বজায় থাকবে।’ স্বতন্ত্র প্রার্থী তৈমুরের পোস্টার ছেঁড়ার অভিযোগ প্রসঙ্গে আইভী বলেন, ‘তৈমুর কাকার অভিযোগটি পুরোপুরি ভিত্তিহীন। আপনারা শহর ঘুরলে দেখতে পারবেন যে, আমার থেকে তার পোস্টার বেশি। আমি এ অপরাজনীতি করি না।’গণসংযোগে প্রতিটি এলাকায় ফুল দিয়ে আইভীকে বরণ করে নেয় এলাকাবাসীরা।
এ সময় পুরো গণসংযোগ মুখরিত হয় আইভীর পক্ষে বিভিন্ন স্লোগানে। আইভীকে কাছে পেয়ে সব বয়সের নারীরা আলিঙ্গণ করে এবং তাকে দোয়া করে। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম খন্দকার, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী সেলিম আহমেদ হেনা, সাইফুল ইসলাম, মিনয়োরা বেগম প্রমুখ।


