বিজয়ী আইভীর উপহার হবে শীতলক্ষ্যা সেতু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২২, ০২:৩০ পিএম
এবার নির্বাচনে বিজয়ী হলে নগরবাসীকে শীতলক্ষ্যা সেতু উপহার দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আমি সবরকমভাবে চেষ্টা করি মানুষকে সেবা দিতে।
তাদের জন্য আমি দিনরাত পরিশ্রম করি। তারা যেভাবে নারায়ণগঞ্জকে চায় সেভাবে তাদের জন্য কাজ করি। তার জন্য এই নারায়ণগঞ্জের মানুষ আমাকে তিন-তিনবার ভোট দিয়েছে। আমি প্রচুর কাজ করেছি ইনশাল্লাহ আরও করবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কাজ দিয়েছেন সে কাজগুলো করেছি।
ভবিষ্যতে এই অঞ্চলে আরও কাজ করবো। আমি আমার জয় নিয়ে ১০০ ভাগ আশাবাদী।’ শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে ১৪নং ওয়ার্ডে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বিজয়ী হলে নগরবাসীকে শীতলক্ষ্যা সেতু উপহার দেবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শীতলক্ষ্যায় কদমরসুল সেতুর জন্য একনেকে অনুমোদন দিয়েছেন। ইতোমধ্যে সেই সেতুর কাজ অনেক এগিয়ে গিয়েছে।
কোভিডের জন্য দেড় বছর বিদেশী পরমর্শক দল আসতে পারে নাই এবং কাজ করতে পারে নাই সেজন্য আমরা পিছিয়ে ছিলাম। ইনশাল্লাহ এবার বিজয়ী হতে পারলে এই সেতু আমি নারায়ণগঞ্জবাসীকে উপহার দিবো। অব্যশই আমি বিজয়ী হবো এবং বিজয়ী হওয়ার ৬ মাসের মধ্যে এই সেতুর ভিত্তিপ্রস্থর উদ্বোধন করবেন জননেত্রী শেখ হাসিনা।
’ তিনি আরও বলেন, ‘আমি পোস্টারের বিপক্ষের একজন মানুষ। পোস্টার দেখে মানুষ ভোট দেয় না। মানুষ ভোট দেয় কাজ-কর্ম উন্নয়নে। প্রার্থী সন্ত্রাসী কিনা চাঁদাবাজ কিনা কিংবা সন্ত্রাসী লালন-পালন করে কিনা এসব দেখে মানুষ ভোট দেয়। এখন পোস্টার, ব্যানার-ফেস্টুন এসব আমাদের ঐতিহ্য হয়ে গিয়েছে। এগুলো হলে একটু উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে আমি মনে করি এই পলিথিনবেষ্টিত পোস্টারটি আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। এই পোস্টার নিষিদ্ধ হলে ভালো হয়।
গতবারও তাই করেছি এইবারও নির্বাচিত হওয়ার সাথে সাথে পোস্টার অপসারণ করা হবে ইনশাল্লাহ।’ প্রচারণার সময় আইভীর সাথে ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর সাহা, নাসিক ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনির, ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী পপি রাণী সরকার প্রমুখ।


