নারায়ণগঞ্জবাসীর জন্য মৃত্যুকেও বরণ করতে রাজি আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২২, ০৫:১৪ পিএম
নাসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকে গতকাল প্রচারণার শেষ দিনে পথসভা ও গণমিছিল করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পথসভায় লক্ষাধিক লোকের সমাগমে জনসমুদ্রে পরিণত হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মনোনয়ন দেয়ায় আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি নৌকা আমার হাতে তুলে দিয়েছেন। আমি আওয়ামী লীগের নেতাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি, তারা সন্ত্রাসের বিরুদ্ধে আমার পাশে দাঁড়িয়েছেন। নারায়ণগঞ্জের মানুষের মনের কথা আমার নেতারা বুঝেছেন, তারা জানেন জনগণ কী বলে।
গতকাল বিকেলে নারায়ণগঞ্জ নগরীর ২ নং রেলগেইট এলাকায় নৌকার পক্ষে এক পথসভায় তিনি এসব কথা বলেন। আইভী বলেন, এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, জনগণের ঘাঁটি। আওয়ামী লীগের জন্ম হয়েছিল নারায়ণগঞ্জের পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে। কিন্তু এ শহরকে কলুষিত করা হয়েছিল। সে কারণেই নেত্রী আমাকে নৌকা দিয়েছেন। তিনি বলেন, আমার বাবা আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন। তিনি মানুষের কল্যাণে কাজ করেছেন। মাটি ও মানুষের নেতা ছিলেন। তিনি আমাকে শিখিয়েছেন মানুষের মাঝেই আল্লাহ বিরাজমান। মানুষকে সেবা করলেই আল্লাহকে পাওয়া যায়। আমি দীর্ঘদিন আপনাদের জন্য কাজ করেছি।
আইভী বলেন, যখন শহরে কেউ ছিল না তখন নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছিল। ২০১১ সালে নির্বাচন করেছি আপনারা লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন। ২০১৬ সালেও আপনারা একই কাজ করেছিলেন। এ নৌকা আইভীর নৌকা, বিজয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই। তিনি বলেন, বিগত পাঁচ বছরে নারায়ণগঞ্জের আনাচে-কানাচে উন্নয়ন হয়েছে। আপনারা নিশ্চই এর ধারাবাহিকতা বজায় রাখবেন। আমি প্রতিটি ওয়ার্ডে ঘুরে দেখেছি। মাটি ও মানুষ বলছেন নৌকা নৌকা। আমি নারায়ণগঞ্জবাসীকে অনুরোধ করবো। আমাকে পাঁচ বছরের জন্য সুযোগ দেন। যে কোনো সময় অনেক কিছু ঘটে যেতে পারে। আমি আপনাদের জন্য মৃত্যুকেও বরণ করতে রাজি আছি। আশা করি আপনারা আমাকে ফিরিয়ে দেবেন না।
মহানগরের সাধারণ সম্পাদক খোকন সাহা ও সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাতের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, সদস্য সানজিদা খানম, সাবেক সাংসদ কায়সার হাসনাত, যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুজ্জামান, আদিনাথ বসু, আব্দুল কাদির, আরজু রহমান ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, যুবলীগের মহানগরের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু, সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, স্বেচ্ছাসেবক লীগের মহানগরের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আশারাফুল ইসমাইল রাফেল, বিলপ্ত মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু প্রমুখ।


