শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের নাসিক ভোটগ্রহণ।চলছে ভোট গননা। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোটগ্রহণ শেষ হলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি।
নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে সেলিনা হায়াৎ আইভী ও হাতি প্রতীকে তৈমূর আলম খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া দেয়ালঘড়ি প্রতীকে এ বি এম সিরাজুল মামুন, হাতপাখা প্রতীকে মাছুম বিল্লাহ, হাতঘড়ি প্রতীকে রাশেদ ফেরদৌস, বটগাছ প্রতীকে মো. জসিম উদ্দিন ও ঘোড়া প্রতীকে কামরুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া কাউন্সিলর পদে সাধারণ ওয়ার্ডে ১৪৮ ও সংরক্ষিত আসনে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নাসিকের ২৭ ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে মোট পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ জন ভোটার রয়েছেন।


