শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে-ইসি সচিব মো. হুমায়ুন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৭:২৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসি সচিব বলেন,নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় দ্রুত ফলাফল পাওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।
তিনি আরও বলেন, ইসি তার কন্ট্রোল রুমের মাধ্যমে সবগুলো ভোট পর্যবেক্ষণ করবে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ইভিএমের কারণে ভোটদানে ধীরগতি সম্পর্কে তিনি বলেন, নারায়ণগঞ্জে মক ভোটিংয়ের ব্যবস্থা করেছিলাম। কিন্তু নারী ভোটাররা সেখানে আসেননি। ফলে ভোটপ্রদান সম্পর্কে তাদের লাইনে দাঁড়িয়ে বুঝিয়ে দিতে হয়েছে। ওইখানে হয়তো একটু সময় লেগেছে। তবে যারাই এসেছে সবার ভোটগ্রহণ করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘন করে সংসদ সদস্যের প্রচার ও নারায়ণগঞ্জে তফসিল ঘোষণার পরে কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে। এসব বিষয়ে ইসিকে অবহিত করা হয়নি, ইসি কমিশনার মাহবুব তালুকদারের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, এটা আসলে তালুকদার স্যার, ভালো বলতে পারবেন। তবে রিটার্নিং অফিসারের কাছে যতগুলো অভিযোগ এসেছে, তিনি সবগুলো অ্যাড্রেস করেছেন।


