শিল্পপতিদের ষড়যন্ত্র ভেদ করে জনগণের ভোটে নির্বাচিত হয়েছি : বাবু
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:০৫ এএম
শিল্পপতিদের সকল ষড়যন্ত্র ভেদ করে গরীব খেটে খাওয়ার জনগণের ভোটে আবারো পুনরায় নির্বাচিত হয়েছি বলে মন্তব্য করেছেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু। গতকাল নির্বাচন পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন। আবদুল করিম বাবু বলেন, এবারের আমাদের ওয়ার্ডের শিল্পপতিরা একত্রিত হয়ে একজন ছাপোষা ব্যক্তিকে সমর্থন দিয়েছিল।
তাদের উদ্দেশ্য ছিল যে কোন মূল্যে বাবুকে ঠেকাতে হবে। কিন্তু এলাকার খেটে খাওয়া মজদুর, ভালো মানুষ আর গরীবের সমর্থন আমার উপর থাকায় আমি ২০১৬ সালের মতো এবারও দাপটের সাথে নির্বাচিত হয়েছি। নির্বাচনের সময় আমাকে নিয়ে নানা ষড়যন্ত্রে মশগুল ছিল একটি মহল। তবে আল্লাহর অশেষ রহমতে সাধারণ মানুষের সমর্থনে আমি বিজয়ী হয়েছি।
বড় বড় শিল্পপতিরা নেমেও আমার কোন ক্ষতি করতে পারেনি বরং তারাই অপদস্ত হয়েছে। তারা যেসব বিতর্ক উসকে দিতে চেয়েছিল সেটি সফল হয়নি। মানুষ তাদের বিবেক খরচ করেই আমাকে আবারো নির্বাচিত করেছেন। আমি নির্বাচনের আগে বলেছি, এলাকায় আমার চেয়ে যোগ্য যদি কাউকে পান তবে তাকেই জনপ্রতিনিধি বানান, আমি লোভ লালসার ঊর্ধ্বে উঠে রাজনীতি করি। কিন্তু তারা সেসব কথা না শুনে আমার বিরুদ্ধে অযথা ষড়যন্ত্র করছেন, এতে তাদেরই মানহানি হয়েছে। এই এলাকার ৭০ ভাগ গরীব লোক আমাদের গরীবের বন্ধু হিসেবেই আবার কাউন্সিলর বানিয়েছে।
আবদুল করিম বাবু বলেন, নির্বাচনে আগে আমার বিরুদ্ধে বলা হয়েছে, আমি নাকি হাতিতে ভোট চেয়েছি। আমি মহানগরের সদস্য হয়ে এটি কেন করবো। কেন্দ্রীয় নেতাদের আমি জানিয়েছি, প্রচারণার সময় হাতির প্রার্থী আমার কাছে ভোট চেয়েছে। তাই বলে তো আমি হাতির পক্ষে হয়ে যাইনি। প্রশাসনের ব্যক্তিবর্গ তো অবশ্যই, আমি নির্বাচনে হেঁটে হেঁটে অপেন নৌকা এবং নৌকার প্রার্থী আইভী আপার জন্য ভোট চেয়েছি। রাজনীতি আমার নেশাও নয়, পেশাও নয়।
শেখ হাসিনা যেই উন্নয়ন করেছেন, সেটি আর কেউ করে দেখাতে পারবেনা। আমি আজীবন নৌকার জন্যই কাজ করে যাব। আওয়ামী লীগার হয়ে আমি বিএনপির জন্য কেন ভোট চাইবো। কাউন্সিলর বাবু বলেন, এবার আমি গরীব মানুষের জন্য এলাকায় একটি গার্মেন্ট, একটি কমিউনিটি সেন্টার করবো। যাতে এলাকায় কর্মসংস্থান হয়। আর মাদকের বিরুদ্ধে আমার অবস্থান অব্যাহত থাকবে।


