আমাদের স্বপ্নের বাংলাদেশ এখন শেখ হাসিনার বদৌলতে উন্নত দেশ:আনোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০২:৩৭ পিএম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আপনাদের স্বপ্নের বাংলাদেশ শেখ হাসিনার বদৌলতে উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আপনারা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে মর্গ্যান স্কুল এন্ড কলেজে বীর মুক্তিযোদ্ধাদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
আনোয়ার বলেন, তিন হাজার টাকার যে সম্মাননা জেলা প্রশাসন আগে দিত আমি তা পাঁচ হাজার করেছি। আজকে নারায়ণগঞ্জের প্রতিটি মুক্তিযোদ্ধাকে দশ হাজার টাকা অনুদান দিচ্ছি। যদি আমি আবারও জেলা পরিষদের চেয়ারম্যান হতে পারি তাহলে এ সম্মানিটা বিশ হাজার টাকা বর্ধিত করা হবে। তিনি আরও বলেন, যে মুক্তিযোদ্ধারা পতাকা এনে দিয়েছে তাদের জন্যেই এই বাংলাদেশ। এই মূল্যায়নটুকু আমরা পেয়েছি। স্বাধীনতার পরে দেশ অবহেলিত ছিল। একসময় তারা সার্টিফিকেট গোপন করে চাকরি নিত। আজ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জায়গায় মূল্যায়িত করা হচ্ছে, তাদের কবর সংরক্ষিত করা হচ্ছে।
এই দায়িত্বটুকু শেখ হাসিনা পালন করেছে। সারা বাংলাদেশ আজকে উন্নয়নের মডেল। পাকিস্তানের জনগন যখন তাদের প্রধানমন্ত্রীকে বলে আমরা শেখ হাসিনার বাংলাদেশ হতে চাই। এটাই শেখ হাসিনার স্বার্থকতা। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক), বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের নর্বাহী কর্মকর্তা (সিইও) এসএম মাহমুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা।
আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত প্রমুখ। এই সময় জেলার ১৬১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্বরূপ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


