নারায়ণগঞ্জবাসীর প্রতি আইভীর কৃতজ্ঞতা ‘এ বিজয় গণমানুষের’
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২২, ১১:৪৩ এএম
তৃতীয়বারের মতো বিপুল ভোটে মেয়র নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এক বার্তায় তিনি বলেন, এ বিজয় গণমানুষের বিজয়। এই বিজয় সকল অশুভ শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারিত্ব, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একটি মানবিক সমাজ বিনির্মাণের আকাঙ্খার বিজয়।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের আপনারা আমাকে বিগত ২০১১ ও ২০১৬ সালের মতো বিপুল ভোটে বিজয়ী করে কর্পোরেশন পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন এজন্য আমার দল, পরিবার এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সমগ্র নারায়ণগঞ্জবাসিকে। কৃতজ্ঞতা জানাচ্ছি দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্খীর প্রতি যারা আমার সার্বক্ষনিক খোঁজ-খবর নিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন। আমি মনে করি এ বিজয় আমার বিজয় নয়, এ বিজয় গণমানুষের বিজয়। এই বিজয় সকল অশুভ শক্তির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দখলদারিত্ব, চাঁদাবাজি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে একটি মানবিক সমাজ বিনির্মাণের আকাঙ্খার বিজয়।
নগরবাসীর প্রতি অঙ্গীকার ব্যাক্ত করে তিনি বলেন, আপনাদের অর্পিত দায়িত্ব অতীতের মতো দল-মত নির্বিশেষে সততা, নিষ্ঠা, আন্তরিকতার সাথে পালন ও আমানত রক্ষার চেষ্টা করবো। সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করে নগরবাসীর উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবো। তিনি বলেন, বরাবরের মতো ভবিষ্যতেও আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে আপনাদের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চাই।


