তিনবছরেও বকেয়া পায়নি সালেহা ওয়্যার লি. কর্মকর্তা-কর্মচারিরা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ০৮:৫০ এএম
মালিকপক্ষের পারিবারিক সমস্যার কারণে তিন বছর আগে বন্ধ করে দেয়া হয় আদমজী ইপিজেড এ অবস্থিত প্যারাডাইস ক্যবলস এর সালেহা ওয়্যার লিঃ। কিন্তু আজো এ প্রতিষ্ঠানের ২৭ জন কমকর্তা-কর্মচারির পাওনা শোধ করেনি মালিকপক্ষ। পাওনার জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দিচ্ছেন এ কর্মকর্তা-কর্মচারিরা।
প্রতিষ্ঠানের এসিসট্যান্ট ম্যানেজার সাজ্জাদ হোসেন মুন্না জানান, ২০১৪ সাল থেকে তিনি এ প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিন বছর আগে প্রতিষ্ঠানটি কোনো ঘোষনা ছাড়াই হঠাৎ বন্ধ করে দেয়া হয়। বন্ধের সময় তিনি চার লাখ নয় হাজার টাকা পাওনা ছিলেন। বন্ধের পরে তিনিসহ সাতাশ পাওনাদার মালিকপক্ষের সাথে যোগাযোগ করলে তারা বেপজার কাছে সব পাওনা বুঝিয়ে দেয়া হবে। বেপজার আদমজী ইপিজেড অফিস থেকে পাওনা বুঝে নিয়ে যেতে বলেন।
সে অনুযায়ী পাওনাদাররা আদমজী ইপিজেড এর জি এম এহসান কবিরের সাথে যোগাযোগ করেন। কিন্তু এহসান কবির তাদের বন্ধ করে দেয়া কোম্পানীর মালিকপক্ষের সাথে যোগাযোগ করতে বলেন। এভাবে তারা তিন বছর ধরে পাওনার জন্য ঘুরছে।
যোগাযোগ করা হলে আদমজী ইপিজেড এর জি এম এহসান কবির জানান, বন্ধ করে দেয়া সালেহা ওয়্যার কিছু পাওনা আমাদের মাধ্যমে দিয়েছে। কিন্তু এই সাতাশজন ষ্টাফের পাওনা শোধের ব্যাপারে তারা আমাদেরকে কিছু বলেনি। তারা আমাদের মাধ্যমে দেক আর যেভাবেই দেক এই পাওনা শোধ করে দেয়া উচিৎ।
এ ব্যাপারে গত ২০২০ এর ডিসেম্বরের ২৮ তারিখে যোগাযোগ করা হলে সালেহা ওয়্যার এর চেয়ারম্যান ও প্যারাডাইস ক্যবলস গ্রুপের এমডি মোবারক হোসেন জানান, পাওনা অচিরেই শোধ করা হবে। এ কথা বলার পরে এক মাসেরও বেশি সময় অতিবাহিত হলেও তিনি পাওনা শোধ করেননি। রবিবার রাতে একাধিকবার তাকে ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি।


