প্রয়াত দুই সহকর্মীর জন্য নাসিকে দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রয়াত দুই কর্মচারী আব্দুল কাদির ভাষানী ও শেখ মো. মনিরুজ্জামান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রয়াত দুই কর্মচারী আব্দুল কাদির ভাষানী ও শেখ মো. মনিরুজ্জামান স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর নিতাইগঞ্জে অবস্থিত নির্মাণাধীন নগরভবনে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এই আয়োজন করা হয়।
এ সময় প্রয়াত দুই কর্মীর আত্মার মাগফেরাত কামনায় কোরাআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন। এ সময় প্রয়াত কর্মীদের কর্মজীবন ও সকলের সঙ্গে ভালো ব্যবহারের বিষয়ে প্রশংসা করেন।
এ সময় প্রয়াত কর্মচারীদের পরিবারের সদস্যরাও দোয়া প্রার্থনা করে বলেন, ‘দীর্ঘদিনের কর্মজীবনে কোন ভুল-ত্রুটি হলে কিংবা কারো মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য ক্ষমা করবেন।’ এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী আজগর হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শেখ মোস্তফা আলী প্রমুখ।


