সদরে ১১ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের হানা, ৫৫ লাখ টাকা জরিমানা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩২ পিএম
গতকাল নারায়ণগঞ্জের সদরে ১১টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে।
নারায়ণগঞ্জের সদরে ১১টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করেছে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর সমন্বয়ে গঠিত একটি টীম নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার পূর্ব গোপালনগর ও ধর্মগঞ্জ এলাকায় অবস্থিত ১১টি ইটভাটায় এই মোবাইল কোর্ট পরিচালনা করে।
জরিমানা আদায় করা ইটভাটাগুলো হচ্ছে মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নজরুল ব্রিকস ম্যানুফ্যাকচারার, এএসবি ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস, মেসার্স এস এস ব্রিকস, এ এন এস ব্রিকস, মেসার্স চিস্তিয়া সাবেরিয়া ব্রিকস, মেসার্স এন বি এম ব্রিকস, মেসার্স আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স নিজাম উদ্দীন ব্রিকস, মেসার্স তাজ ব্রিকস ।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ইট ভাটাগুলোর প্রতিটিকে ৫ লাখ টাকা করে জরিমানা ধার্য্য করা হয় এবং তাৎক্ষণিক ধার্যকৃত জরিমানা আদায় করা হয়েছে । একই সাথে ইটভাটা গুলোর কার্যক্রম বন্ধ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। উল্লেখিত ইটভাটাগুলো চালানো জন্য হালনাগাদ পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ছিল না। ইটভাটা গুলো শিক্ষা প্রতিষ্ঠানের ১ কি.মি. দুরত্বের মধ্যে অবস্থিত।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের কারণে ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক শেখ মোজাহীদ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।


