‘আমান আলী’ হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল গ্রেফতার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৬ পিএম
গার্মেন্টস কর্মী ‘আমান আলী’ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী আশরাফুল (১৯)’কে গ্রেফতার করেছে র্যাব-১১। আজ বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়। আসামী আশরাফুল ফতুল্লা জেলার টাগারপাড় পুলিশ লাইনস বিসমিল্লাহ গার্মেন্টস এলাকার মৃত স্বপন মিয়ার ছেলে।
উল্লেখ্য গত ২৮ জানুয়ারি আমান আলী (১৮) বন্ধুদের ছুরিকাঘাতে নিহত হন। উক্ত ঘটনায় নিহতের মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একাধিক ব্যক্তিকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৯, তারিখ ০২/০২/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড।
র্যাব-১১’র স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার এ কে এম মুনিরুল আলম জানান, চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১১ ছায়াতদন্ত শুরু করে। তারই প্রেক্ষিতে অদ্য ৩ ফেব্রুয়ারী সিদ্ধিরগঞ্জ থানার চৌধুরীবাড়ি এলাকায় র্যাব-১১, সিপিসি-১ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব সদর দপ্তরের সহায়তায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের প্রধান আসামী আশরাফুল (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


