ফতুল্লার বক্তাবলীর পূর্ব গোপাল নগর ধলেশ্বরী নদী বেষ্টিক এলাকায়। এই এলাকায় রয়েছে বেশ কিছু ইটভাটা। এই ইটভাটাগুলোকে কেন্দ্র করে এলাকায় তৈরী হয়েছে বেশ কয়েকটি বলয়। এর মধ্যে জসিমের একটি বলয় উল্লেখযোগ্য। সম্প্রতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে জসিম ও তার বলয় আব্দুর রশিদের পক্ষে কাজ করেন। রশিদের জয়ের পর গোপালনগর ও এর আশপাশের এলাকায় জসিম ও তার ভাই বিপ্লব হয়ে উঠে বেপরোয়া। বিভিন্ন সেক্টর থেকে শুরু হয় বিপ্লবের চাঁদাবাজী। এরই সূত্র ধরে গত ১ ফেব্রুয়ারী গোপালনগরে জামানের বাড়িতে জসিমের ও তার ভাই বিপ্লব হামলা চালিয়ে ভাংচুরসহ নারীর শ্লীলতাহানি করে।
এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে মামলার আসামীরা। বক্তাবলীর পূর্ব গোপালনগরে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে জসিম ও তার বাহিনীর সদস্য। ইট ভাটা থেকে মাসোহারাসহ এলাকায় প্রভাব বিস্তার করে আসছে এই বাহিনীর বেশ কয়েকজন সদস্য। এলাকায় কেউ নতুন কোনো নতুন স্থাপনা করলেই সেখানে ছাত্রলীগ নেতা জসিমের ভাই পরিচয়ে বিপ্লবের চলছে রাজত্ব। ইউপি নির্বাচনের পর রশিদ মেম্বারের লোক পরিচয়ে বিপ্লব আরো বেপরোয়া হয়ে উঠে।
নির্বাচনের সময় সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বারের হয়ে নির্বাচনে কাজ করেছিলেন জামান। আর এতে ক্ষিপ্ত ছিলো জসিম ও বিপ্লব। বিভিন্ন সময় জামানের কাছ থেকে চাঁদাও দাবী করেছিল। বিভিন্ন অন্যায় আবদার না রাখার কারনেই গত ১ ফেব্রুয়ারী জামানের বাড়িতে হামলা চালায় তারা। এসময় বাড়ির মধ্যে থাকা নারীদের শ্লীলতাহানীর অভিযোগও উঠে হামলাকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় জামান বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করার পর তাদের নানা রকম ভয় দেখিয়ে বিবাদীরা এলাকা ছাড়া করে রেখেছে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুজ্জামান বলেন, আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।


