ইসলামী ছাত্র আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪ এএম
ইললামী ছাত্র আন্দোলনের ‘নগর সম্মেলন ২০২২‘ অনুষ্ঠিত হয়েছে।
ইললামী ছাত্র আন্দোলনের ‘নগর সম্মেলন ২০২২‘ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর ১নং রেলগেট আইএবি মিলনায়তনে এ আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ নূর হোসেন।
ইসলামী আন্দোলনের নগর সভাপতি এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম মিরাজুল ইসলাম সঞ্চালনা করেন। সম্মেলন শেষে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন মহানগর কমিটির ঘোষণা করা হয়। এতে সভাপতি মুহাম্মাদ মেহেদী হাসান, সহসভাপতি এইচ এম মিরাজুল ইসলামের ও সাধারণ সম্পাদক পদে মুহাম্মাদ ওমর ফারুক নির্বাচিত হন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এদেশের মানুষের সাথে ইসলামের রয়েছে নিবিড় সম্পর্ক। এ দেশের মানুষ শান্তিপ্রিয়। স্বাধীনতার ৫০ বছরেও এদেশের মানুষ গণতান্ত্রিক শাসনব্যবস্থার মাধ্যমে প্রকৃত শান্তি, নিরাপত্তা পায়নি।
স্বাধীনতার পর অদ্যবধি পর্যন্ত এদেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থানসহ সকল মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। যার বাস্তব প্রমাণ হলো বর্তমান দেশের অস্থিতিশীল অবস্থা। বর্তমান ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসের প্রশিক্ষণ চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজ নৈরাজ্য চলছে। এমতাবস্থায় দেশের স্থায়ী শান্তি শৃঙ্খলা ও সমৃদ্ধির লক্ষে ছাত্র সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ বাংলাদেশের সর্বস্তরের ছাত্রদের একমাত্র আদর্শ, আস্থাভাজন সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রচলিত ধারার কোন ছাত্র সংগঠন নয়। বরং রাসূল (সা.) ও সাহাবায়ে ক্বেরাম (রা.) এর আদর্শকে সামনে রেখে সমাজ পরিবর্তনের লক্ষে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে করোনার খোঁড়া অজুহাতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা কোনোভাবেই উচিত নয়। বরং স্বাস্থ্যবিধি মেনে এবং পর্যাপ্ত টিকার ব্যবস্থা করে সকল শিক্ষা প্রতিষ্ঠান সচল রাখতে হবে। অন্যথায় অনেক ছাত্রের ছাত্রত্ব শেষ হয়ে যাবে। বিগত বছরের ঝরে পড়া শিক্ষার্থীসহ সকল অসহায় শিক্ষার্থীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাদের শিক্ষার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে হবে।
দেশ ও জাতির আগামী দিনের কর্ণধারদের অন্ধকারে নিক্ষেপ না করে, জাতীয় স্বার্থেই বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর কমিটির সাবেক সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারি মুহাম্মাদ সুলতান মাহমুদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী ইমদাদুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দীন ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ- নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি শেখ মুহাম্মাদ হাসান আলী।


