জনগণকে ট্যাক্সের বোঝা থেকে মুক্তি দিতে হবে : তৈমূর আলম
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:২৩ পিএম
# জিয়াউর রহমানের আদর্শ থেকে আমাকে বিচ্যুত করা যাবেনা
গতকাল সকালে ঢাকায় শপথ নিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নবনির্বাচিত কাউন্সিলররা। নাসিক নির্বাচনে আইভীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ম্লান করে দিয়ে বহিঃষ্কৃত হয়েছেন তৈমূর। ত্যাগী এই নেতার বহিষ্কারের খবরে তৃণমূল কর্মীরাও হতাশ।
নবনির্বাচিত মেয়রের প্রতি আহবান জানিয়ে তৈমূর আলম খন্দকার যুগের চিন্তাকে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দেশের সব চাইতে বেশি ট্যাক্স জনগণের কাছ থেকে আদায় করা হয়। ট্যাক্স কমানোসহ সিটি কর্পোরেশন এলাকায় যাতে নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি পায় এ দাবি জানিয়েছেন। একই সাথে দল থেকে তাঁকে বহিস্কার করা হলেও দলীয় নেতাকর্মীরা এখনো তার সাথেই আছেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সারা জীবন দলের নেতাকর্মীদের পাশে থেকে সহযোগিতা করবেন। তৈমূর আলম খন্দকারে বহিস্কার দলীয় অনেক নেতা কর্মী মেনে নিতে পারেননি।
যদিও তৈমূর আলম শুরু থেকেই বলেছিলেন, তিনি জনগণের দাবীর মুখে সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দল তাঁকে বহিস্কার করলেও তিনি হাসি মুখে দলীয় সিদ্ধান্তকে মাথা পেতে নেবেন। দলের সিদ্ধান্তকে তিনি মেনেও নিয়েছেন।
নতুন মেয়রের কাছে পরাজিত প্রার্থী তৈমূর আলমের প্রত্যাশা করে বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে দেশের সব চাইতে বেশি ট্যাক্স জনগণের কাছ থেকে আদায় করা হয়। বর্তমানে নাগরিক সুবিধাও কম। মেয়র নতুন করে শপথ নিয়ে যাতে নাগরিক সুবিধাগুলোর দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখেন এমন আহবানও জানান তিনি।
তৈমূর আলম খন্দকার আরো বলেন, ‘আমি গরীব-দুঃখী মানুষের জন্য রাজনীতি করি। সমাজ উন্নয়ের কথা ভেবেই অনেক আগে মাসদাইরে মুসলিম একাডেমী, রোকেয়া খন্দকার প্রাইমারী স্কুল ও হাইস্কুল প্রতিষ্ঠা করেছি। যেখানে স্কুল কলেজ করেছি, সেখানে যদি বিশাল মার্কেট করতাম তাহলে আজ অনেক টাকার মালিক হতাম। জনগণের কথা ভেবেই সারাটি জীবন কাজ করছি। খেটে খাওয়া মানুষের জন্য সব সময় রাজপথে ছিলাম।
তৈমূর আলম খন্দকার বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাগরিক সুবিধা ঠিকমতো দিতে পারে না। অপরদিকে সিটি কর্পোরেশন মাত্র দুই-তিনজন ঠিকাদারের কাছে জিম্মি। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। সিটি কর্পোরেশনে ঠিকাদারী সিন্ডিকেট ভাঙতে হবে। নারায়ণগঞ্জে হকারদের পুনর্বাসন করতে হবে। পুনর্বাসন না করে হকার উচ্ছেদ কোনোভাবেই মেনে নেয়া যায় না। সিটি কর্পোরেশনকে গণমূখী হতে হবে। জনগণকে সিটি কর্পোরেশনমুখী হতে দেয়া ঠিক হবে না। সেই সাথে পয়ঃনিষ্কাশনেন ব্যাপারেও সিটি কর্পোরেশনকে আরো আন্তরিক হতে হবে বলেও তিনি দাবী করেছেন’।
বিএনপির নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘সব সময় বিএনপি নেতাদের পাশে থাকবো। দল আমাকে বহিস্কার করার অধিকার রাখে। তবে জিয়াউর রহমানের আদর্শ থেকে কেউ আমাকে বিচ্যুত করতে পারবে না’।


