কাউন্সিলর হিসেবে শপথ নিলেন চাচা-ভাতিজা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩১ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৩নং ওয়ার্ডে তৃতীয় বার এবং ৪নং ওয়ার্ডে প্রথম বার কাউন্সিলর হিসেবে শপথ নিয়েছেন নবনির্বাচিত কাউন্সিলর শাহজালাল বাদল ও মো: নুর উদ্দিন মিয়া। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম শপথ বাক্য পাঠ করান।
বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে প্রধানমন্ত্রী গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শপথ অনুষ্ঠানে অংশ নেন। পরে নাসিকের নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শপথ নেওয়ার জন্য সকালেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নির্বাচিত সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ৩৬ জন কাউন্সিলর উপস্থিত হন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার হাতি প্রতীকে পান ৯২ হাজার ১৭১ ভোট। এছাড়া ২৭টি ওয়ার্ডে ২৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন নির্বাচিত হন। ২৭ জানুয়ারি এ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশিত হয়। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে ৩ ও ৪ নং ওয়ার্ডে চাচা নুর হোসেন চেয়ারম্যান-ভাতিজা শাহজালাল বাদল কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। এবার তৃতীয় নির্বাচনেও এ দু’টি ওয়ার্ড থেকে আবারও অপর চাচা মো: নুর উদ্দিন মিয়া-ভাতিজা শাহজালাল বাদল কাউন্সিলর নির্বাচিত হয়ে কার্যক্রম শুরু করেছেন।
চাচা-ভাতিজার জয়ে উৎফুল্ল এ দু’টি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ। বুধবার সকালে শপথ নেওয়ার পর থেকে এ দু’টি ওয়ার্ডে কাউন্সিলরদের কর্মী সমর্থকরা বাদ্যযন্ত্র নিয়ে বিজয় উল্লাসে মেতে উঠে। এসময় তারা নানান রঙের রং ছিটিয়ে উল্লাস করে।


