হ্যাট্রিক মেয়র আইভী দায়িত্ব গ্রহণ করবেন আজ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩১ এএম
# করোনা পরিস্থিতির কারণে এবার কোনো আনন্দ মিছিল হয়নি, আজও হবেনা : আইভী
সকল ষড়যন্ত্র ভেদ করে টানা তিনবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়ে দেশবিদেশে আইকনে পরিণত হয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। নিজ দলে তো বটেই, দলের বাইরের কোন প্রতিবন্ধকতাই আঁটকাতে পারেনি তাকে। গত ৯ ফেব্রুয়ারি ঢাকায় ভার্চুয়ালি ডা. আইভীকে শপথ বাক্য পাঠ করান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশেনের দায়িত্ব গ্রহণ করবেন আইভী।
১৩ জানুযারি সকালে সরাসরি নগরভবনে গিয়ে পুরোনো চেয়ারে নতুন করে বসবেন দেড় যুগ যাবৎ নগরকর্তার দায়িত্বে থাকা এই জনপ্রতিনিধি। নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এবার কোনো আনন্দ মিছিল হয়নি। কালও কোনো মিছিল হবে না। সরাসরি নগরভবনে যাবেন তিনি।’ গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেলিনা হায়াৎ আইভীর নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার। আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পান। নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম পান ৯২ হাজার ৫৬২ ভোট। তাদের মধ্যে ভোটের ব্যবধান ৬৬ হাজার ৫৩৫।
এর আগে ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটির প্রথম ভোটে এবং নারায়ণগঞ্জ পৌরসভাতেও মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। এরপর ২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। সেবার তিনি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। পরে ২০১৭ সালের ৫ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে তিনি শপথ গ্রহণ করেন। ২০২২ সালে সিটি করপোরেশন নির্বাচনের গেজেট প্রকাশিত হয় ২৭ জানুয়ারি।
বিদেশে চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করা সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলী আহমেদ চুনকার মেয়ে। লেখাপড়া শেষে ২৫ বছর আগে দেশে ফিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে নামেন। বিএনপি শাসনামলে ২০০৩ সালে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে জিতেন তিনি। পরে নারায়ণগঞ্জ পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হয়। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম ভোটে তিনি মেয়র পদে জয়ী হন। ২০১৬ সালের ভোটেও বিজয়ী হন আইভী।
আলী আহমেদ চুনকা মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর বাবা ১৯৭৩ সালে পৌরসভা নির্বাচনে আলী আহমেদ চুনকা আওয়ামী লীগের সমর্থন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত করেন খোকা মহিউদ্দিনকে।


