দায়িত্ব গ্রহণ করেছেন নাসিক মেয়র আইভী
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৫৭ এএম
টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র নির্বাচিত হয়ে গতকাল আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। ছবি : মেহেদী হাসান।
# অতীতের মত সব কিছুর ঊর্ধ্বে উঠে কাজ করবো : আইভী
টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র হিসেবে নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল ১৩ ফেব্রুয়ারি রোববার দুপুর পৌনে ১২টায় নির্মানাধীন নগরভবনের অস্থায়ী মেয়র কার্যালয়ে গিয়ে দায়িত্ব গ্রহণ করেন আইভী। গত ৯ ফেব্রুয়ারি ঢাকায় নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইভী দায়িত্ব নেয়ার আগে সকালে মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করে নগরভবনে পৌঁছালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। গত ১৫ ডিসেম্বর নির্বাচনের জন্য মেয়র পদ থেকে আইভী দায়িত্ব ছাড়লে দায়িত্ব গ্রহণ করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (সিও) আবুল আমিন। মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, এরআগেও আমি মানুষের চাহিদা অনুসারে কাজ করেছি। মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়েছি এবারও একইভাবে কাজ করবো। মানুষ অনেক আশাআকাঙ্খা নিয়ে আমাকে ভোটে নির্বাচিত করেছেন। অতীতের মত সব কিছুর ঊর্ধ্বে উঠে কাজ করবো। এখানে কোন দলাদলি, ধান্দাবাজি, চাঁদাবাজি হতে পারবেনা। চলমান কাজগুলো দ্রুত শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মেগা প্রকল্পগুলোর মধ্যে কদমরসুল সেতুকে প্রাধান্য দেয়া হবে।জালকুড়িতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পকে প্রাধান্য দিয়ে ৬টি মেগা প্রজেক্ট বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের সিও আবুল আমিন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল কাদির, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, নাসিক কাউন্সিলর, আফাসানা আফরোজ বিভা, অসিত বরণ বিশ্বাস, রুহুল আমিন, আবুল কাউসার আশা, অহিদুল হক ছক্কু, আনোয়ার ইসলাম প্রমুখ। এদিকে দায়িত্ব নেয়ার পর মেয়র আইভীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার মো. জায়েদুল আলম।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৃতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ৬৬ হাজার ৫৩৫ ভোটে বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারকে পরাজিত করে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন। নির্বাচনে আইভী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ৯৭টি ভোট পান, নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈমূর আলম পান ৯২ হাজার ৫৬২ ভোট। নাসিক নির্বাচনের গেজেট প্রকাশিত হয় ২৭ জানুয়ারি। এরআগে ২০১৬ সালের ২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভী নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন। সেবার তিনি বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মো. সাখাওয়াত হোসেনকে ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন। ২০১১ সালের ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে ১ লাখের বেশি ভোটে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম মেয়র নির্বাচিত হন আইভী। সিটি করপোরেশন গঠনের আগে ২০০৩ নারায়ণগঞ্জ পৌরসভাতেও মেয়র পদে নির্বাচিত হয়েছিলেন সেলিনা হায়াৎ আইভী। বিদেশে চিকিৎসা বিদ্যায় পড়াশোনা করা সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলী আহমেদ চুনকার মেয়ে। লেখাপড়া শেষে ২৫ বছর আগে দেশে ফিরে নারায়ণগঞ্জের রাজনীতিতে নামেন।


