বাঙালির পিঠা উৎসব আন্তর্জাতিকভাবে পালন সম্ভব : লিপি ওসমান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৩১ পিএম
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিণী সালমা ওসমান লিপি বলেছেন, আমরা যদি আমাদের পিঠার সংস্কৃতি ভালভাবে তুলে ধরতে পারি তাহলে আশা করছি আমাদের এই পিঠা উৎসব আন্তর্জাতিক ভাবে পালিত হবে। এটা একটা অতি সুন্দর শিল্প নৈপুণ্য। আমরা বাঙালিরা আমাদের সংস্কৃতি নিয়ে অত্যন্ত রিচ, এটা সারা বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের লা-ভিস্তা রেস্টুরেন্টের ছাদে অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২২ এ অংশ নিয়ে একথা বলেন তিনি। লিপি ওসমান বলেন, আজকে নতুন একটা ব্যাপার দেখলাম যে পাইয়ের রেসিপি কালেক্ট করে পিঠা তৈরি করা হচ্ছে। ছোটবেলায় বিক্রমপুরে গিয়ে দেখেছিলাম আমাদের বিবিখানা পিঠা কত যত্ন করে বানানো হয়।
এটা সম্মানের সাথে বানানো হয় এমন একটা সংস্কৃতি আমাদের। নতুন গামছা নিয়ে পাক পবিত্র হয়ে পিঠা তৈরি করতে হবে। এমন কিছু সংস্কৃতি বাঙালি ধারণ করে যে এটা বানানোও একটা সম্মানের। এই লা-ভিস্তা যদিও ফরাসি নাম কিন্তু আজকে তারা আমাদের এই পিঠার সংস্কৃতিকে তুলে ধরেছেন। লা-ভিস্তার মালিক বিপ্লব বলেন, আমরা চাইছি পিঠা উৎসবের মত উৎসব গুলো নিয়মিত পালনের মাধ্যমে আমরা যেন বাঙালির অস্তিত্বকে ধরে রাখতে পারি। ভবিষ্যতে আমরা আমাদের বাঙালির সংস্কৃতির সাথে জড়িত এই বিষয়গুলো নিয়ে আরও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করবো।
এর আগে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন সালমা ওসমান লিপি। এসময় মেলার প্রতিটি স্টল ঘুরে ঘুরে দেখেন তিনি। স্টলাররা নানাবিধ উপহার সামগ্রী দেন লিপি ওসমানকে।


