চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ি ও ডাক বাংলো সরিয়ে নিতে তড়িৎ ব্যবস্থা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৭ পিএম
দুর্ঘটনা প্রবণ এলাকা হওয়ায় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় পুলিশ ফাঁড়ি ও জেলা পরিষদের ডাক বাংলো সরিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক প্রশস্ত করার ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিচ্ছে জেলা প্রশাসন। গতকাল দুপুরে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উঠে আসে।এব্যাপারে ব্যবস্থা নিতে আগামী আইনশৃঙ্খলা কমিটির সভার আগেই জেলা পরিষদের সিওকেও ব্যবস্থা নেয়ার আহবান জানানো হবে।
আইনশৃঙ্খলা কমিটির সভার বরাত দিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহআলম যুগের চিন্তাকে জানান, আগামী আইনশৃঙ্খলা কমিটির সভার আগে জেলা পরিষদের সিওকে সভায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হবে। পুলিশ সুপার বলেছেন, ডাকবাংলো যদি রাস্তা প্রশস্তের জন্য জায়গা ছেড়ে দেয় তবে আমি নিজে দাঁড়িয়ে থেকে যতখানি জায়গা ফাঁড়ির ছাড়া লাগে ছেড়ে দেব। জেলা প্রশাসক বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন।
এছাড়া আইশৃঙ্খলা কমিটির সভায় মাদকের বিস্তার রোধে ব্যবস্থা, শহরের যানজট নিরসন, ফিটনেসবিহীন অবৈধ গাড়ির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আলোকপাত করা হয়। এছাড়া সভায় স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জে দিনদুপুরে ন্যাক্কারজনক হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়। এহামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য তাগিদ প্রদান করা হয়। যারা গ্রেফতার হয়নি, তাদেরও গ্রেফতার করার ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে।


