ভয় পাবেন না, কেউ ছাড় পাবে না’ পত্রিকা অফিসে হামলায় ডিসি-এসপি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৮ পিএম
দৈনিক ‘সময়ের নারায়ণগঞ্জ’ পত্রিকা অফিসে হামলার ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারকে (এসপি) অবহিতপত্র দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ডিসি-এসপিকে অবহিতপত্র দেয় সময়ের নারায়ণগঞ্জ। এ সময় জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সন্ত্রাসীদের ভয় না পাওয়ার অভয় দেন। তিনি বলেন, ‘অপরাধীদের আইনের আওতায় আসবেই।
আইন সবার জন্য সমান। সন্ত্রাসীদের ভয় পাবেন না। আপনারা আপনাদের লেখনি চালিয়ে যান।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি প্রথম দিনেই জানতে পেরেছি। প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকেরাও নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। আমিও এসপি সাহেবকে বলেছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।’ এসপি জায়েদুল আলম বলেন, ‘ইতোমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক আসামি সবাই পলাতক।
তাদের বাড়িতে অভিযান চলছে। যেকোনভাবেই হোক তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ করে কেউ ছাড় পাবে না।’ এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল, উপদেষ্টা সম্পাদক ইমতিয়াজ আহমেদ, আলোকিত বাংলাদেশের জেলা প্রতিনিধি শরীফ সুমন,
নিউজ নারায়ণগঞ্জ২৪ ডটকমের নির্বাহী সম্পাদক তানভীর হোসেন, দৈনিক সমকালের জেলা ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব, দ্য ডেইলি স্টার জেলা প্রতিনিধি সনদ সাহা সানি, জনকন্ঠ জেলা ফটোসাংবাদিক মাহমুদুর রহমান প্রীতম, আজকের পত্রিকার নারায়ণগঞ্জ সংবাদদাতা সাবিত আল হাসান, সময়ের নারায়ণগঞ্জের স্টাফ রিপোর্টার অরিফ হোসেন কনক, জাগো নিউজ এর জেলা প্রতিনিধি মোবাশ্বির শ্রাবন প্রমুখ।


