চাষাঢ়ায় ‘বেবি কর্ণারে’ কসমেটিকস জব্দ, জরিমানা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩২ পিএম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় গিফট শপ ‘বেবি কর্ণারে’ অভিযান চালিয়ে বিদেশি কসমেটিকস জব্দসহ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকর সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া সিদ্ধিরগঞ্জের দু’টি দোকানে ৭০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
সেলিমুজ্জামান জানান, চাষাঢ়ার গিফট শপ ‘বেবি কর্নারে’ অভিযান চালিয়ে কিছু বিদেশি কসমেটিকস জব্দ করা হয়েছে। এসব পন্যের আমদানিকারক ট্যাগ ও পণ্যের গায়ে মূল্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারা ৩৭ ধারা মোতাবেক নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সিদ্ধিরগঞ্জের কদমতলীতে অভিযান চালিয়ে সিটি গ্রুপের তীর কোম্পানির নকল লোগো লাগিয়ে সয়াবিন তেল বিক্রির অভিযোগে দু’টি দোকানকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টির মধ্যে তোয়া স্টোরকে ভোক্তা অধিকার আইনের ৫০ ধারায় ১ হাজার টাকা এবং জয়নাল স্টোরকে ৩৭ ধারায় ৫০০০ টাকা ও ৫০ ধারায় ১০০০ টাকা; মোট ৭০০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে কৃষি বিপনন অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।


