নারায়ণগঞ্জ হাই স্কুলে ভর্তি হতে পারেনি ২২০ জন শিক্ষার্থী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৬ পিএম
২০২২ সালে নারায়ণগঞ্জ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ইচ্ছুক ২২০জন শিক্ষার্থী এখনো ভর্তি হতে পারেনি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিভাবকরা জানান, সরকারী নিয়ম অনুযায়ী ২০২১ সালের নভেম্বর মাসে অনলাইনে ভর্তির আবেদন করেন। বিধি অনুযায়ী তারা অপেক্ষমান তালিকায় ভর্তির সুযোগ পেয়েছেন।
কিন্তু প্রথম তালিকার ভর্তির পর ১২০টি আসন খালী থাকার পর ও অপেক্ষামান তালিকা থেকে কোন শিক্ষার্থীকে এখন পর্যন্ত ভর্তি করা হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান প্রতিদিন স্কুলে ঘুরে আসছেন কিন্তু ভর্তি করার ব্যাপারে কোন সিদ্ধান্ত জানতে না পারায় তারা অনিশ্চয়তার মধ্যে আছেন। পরিচালনা পরিষদের সিদ্ধান্তহীনতার কারণে স্কুলের ২০লাখ টাকার ক্ষতি হবে।
পারভীন আক্তার নামের একজন অপেক্ষমান তালিকায় থাকা শিক্ষার্থীর মা জানান, গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়। সেখানে ১২০টি আসন শুন্য ছিল। আমরা প্রতিদিন সন্তানকে স্কুলে ভর্তি করানোর জন্য যোগাযোগ করছি। কিন্তু আজকে পর্যন্ত ভর্তি করাতে পারিনি।
প্রতিদিন বলা হচ্ছে স্কুল কমিটির সিদ্ধান্ত হয়নি। ভর্তি করতে না পেরে সন্তানদের পড়া শুনার জন্য কোন বই পাইনি।তিনি অভিযোগ করেন অন্য স্কুলে ভর্তি কার্যক্রম মেষ হলেও এখন পর্যন্ত কোন কারন ছাড়াই সরকারী সিদ্ধান্ত উপেক্ষা করে এ ধরনের হয়রানী করা হচ্ছে। রোকেয়া বেগম নামের অন্য একজন অভিভাবক বলেন গত একমাস যাবৎ প্রধান শিক্ষক কামরুল ইসলামের সাথে যোগাযোগ করছি। তিনি প্রতিদিনই বলেন এব্যাপারে কমিটির সিদ্ধান্ত হলে ভর্তির বিষয়ে জানান হবে। তার কথায় আমরা অপেক্ষা করছি।
নারায়নগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভনিং বডির সদস্য সরকার আলম জানান, গত ১৩ তারিখ এ বিষয়টি নিয়ে গভনিং বডির সভায় আলোচনা হয়। কিন্তু সভাপতি চন্দন শীল সভায় একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে জানান, আর কোন শিক্ষার্থীকে ভর্তি করা হবেনা। যে কারণে বিভিন্ন শ্রেনীতে শুন্য আসন থাকার পরও নতুন এবং অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হচ্ছে না।
একারণে আমরা কয়েকজন সদস্য সভাপতির সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিমত পোষণ করে সভা ত্যাগ করে চলে আসি। গভনিং বডির অপর সদস্য ওয়াহিদ সাদত বাবু বলেন,শুন্য আসনগুলো পুরন না করা হলে বছরে স্কুলের প্রায় ২০লাখ টাকার ক্ষতি হবে এবং শিক্ষকদের বেতন দেয়া কষ্ট সাধ্য হবে।


