ত্বকী হত্যার ৯ বছর উপলক্ষে না’গঞ্জ-ঢাকায় পাঁচ দিনের কর্মসূচি
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:১৫ পিএম
তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৯ বছর উপলক্ষে নারায়ণগঞ্জ ও ঢাকায় পাঁচ দিন ব্যপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৬ মার্চ রবিবার সকাল সাড়ে আটটায় বন্দর খেয়াঘাট থেকে সিরাজ শাহ’র আস্তানা, বন্দর, নারায়ণগঞ্জে ত্বকীর কবরে পুষবপস্তবক অর্পণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। ৭ মার্চ সোমবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্কে শিশু সমাবেশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, শিল্পী জাহিদ মুস্তাফা ও অশোক কর্মকার। ৮ মার্চ মঙ্গলবার বিকাল পাঁচটায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নং খেয়াঘাটে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশনা, ত্বকীকে নিয়ে নির্মিত প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন ও “আলোরভাসান”। অতিথি থাকবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাষ্টি ডা. সারোয়ার আলী ও লেখক, গবেষক মফিদুল হক।
১১ মার্চ শুক্রবার বিকাল তিনটায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ। আলোচক থাকবেন মানবাধিকার কর্মী খুশি কবীর, অধ্যাপক এমএম আকাশ, অধ্যাপক আনু মুহাম্মদ ও স্থানীয় রাজনৈকিত সাংস্কৃতিক ও সামাজিক নেত্রীবৃন্দ।
১৮ মার্চ শুক্রবার বিকাল তিনটায় ঢাকার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে “সপ্তম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা”র পুরস্কার বিতরণ অনুষ্ঠান। উপস্থিত থাকবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও ডা. সেলিনা হায়াৎ আইভী।


