Logo
Logo
×

নগর জুড়ে

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরে তোড়জোড়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ মার্চ ২০২২, ০৭:৩৮ পিএম

হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরে তোড়জোড়
Swapno

# সমন্বয় করে কর্মপন্থা ঠিক করছি  : ডিডি আব্দুল্লাহ আল মামুন

 

পরিবেশ দূষণ রোধে আগামী ১৫ দিনের মধ্যে ঢাকার আশেপাশের অবৈধ ইটভাটা বন্ধের যে নির্দেশ দিয়েছে হাইকোর্ট তা বাস্তবায়নে উঠেপড়ে লেগেছে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ। তবে স্বল্প লোকবল থাকায় অল্প সময়ের মধ্যে নিদের্শ বাস্তবায়নে কী করা যেতে পারে সেটি নিয়েও ব্যাপক কার্যক্রম চালাচ্ছেন এই দপ্তর। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান,  ‘অনতিবিলম্বে আদালতের নির্দেশ বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর।

 

সিজনের শুরু থেকে অবৈধ ইটভাটাগুলোর ব্যবস্থা গ্রহণে আমরা তৎপর। নিজস্ব ম্যাজিস্ট্রেটের সহযোগিতা নিয়ে আমরা এই অভিযানগুলো করছি। এই পর্যন্ত গতকাল পর্যন্ত ৩১টি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। ৭৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছি। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আমাদের একার পক্ষে একাজ করা খুব দূরুহ।

 

জেলা প্রশাসন এবং মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর  এই দুই সংস্থা একত্রে ব্যবস্থা নিলে এটি বাস্তবায়ন সম্ভব। আগামীকাল আমাদের সমন্বয় কমিটির সভা রয়েছে। সেই সভায় হাইকোর্টের নির্দেশান কী করে বাস্তবায়ন করবো সেই প্রসঙ্গে কর্মপন্থা ঠিক হবে। জেলা প্রশাসনের সাথে আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারবো সেটি নিয়েও আলোচনা করে কাজ করবো।


এদিকে নারায়ণগঞ্জের ইটভাটাগুলোর হিসেব দিয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক হাইকোর্টকে জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা আছে ১৬৭টি, বৈধ ইটভাটার সংখ্যা ৮৮টি।


তবে জেলা প্রশাসকের দেয়া হিসেবের সাথে পার্থক্য আছে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের হিসেবে। অফিস সূত্রে জানা গেছে, জেলায় অবৈধ ইটভাটার সংখ্যা ১৭১টি আর বৈধ ইটভাটার সংখ্যা ১২৩টি।  পাঁচ উপজেলায় বৈধ অবৈধ ২৯৪টি ইটভাটা রয়েছে। তবে গত বছর এই সংখ্যা ছিল ৩৩৪টি। ২৯৪টি ইটভাটার মধ্যে বেশ কয়েকটি বন্ধ হয়ে গিয়েছে। এসব ইটভাটার মধ্যে ফিক্সড চিমনি ১২টি, জিকজ্যাক ২৭৬টি এবং অটো রয়েছে ৬টি।


অবৈধ ইটভাটার নাম ও অবস্থান জানা সত্ত্বেও এসব অবৈধ ইটভাটা বন্ধ করার জন্য প্রয়োজনীয় লোকবল নেই পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের। সর্বসাকূল্যে মাত্র ১৪ জনের টিম নিয়েই পরিবেশ অধিদপ্তরের সকল কার্যাবলী দেখভাল করতে হয়। তবে সংখ্যায় ১৪ জনের লোকবলের কথা হলেও কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা আরো কম।  


প্রসঙ্গত , গতকাল  ১ মার্চ  হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ পরিবেশ দূষণ রোধে ঢাকার আশপাশের অবৈধ ইটভাটা আগামী ১৫ দিনের মধ্যে বন্ধ করার আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরশেদ।

 

আগামী ১৫ দিনের মধ্যে ঢাকাসহ আশপাশের পাঁচ জেলার অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরের অবৈধ ইটভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে হবে। ইটভাটা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে আদালতে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন