Logo
Logo
×

নগর জুড়ে

পজেটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই: মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৭:১৩ পিএম

পজেটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই: মেয়র আইভী
Swapno

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘এই নারায়ণগঞ্জকে আমরা একটি পজেটিভ নারায়ণগঞ্জ হিসেবে সারা বাংলাদেশের কাছে গড়তে চাই। আমাদের ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধে আমাদের আড়াইহাজার, সোনারগাঁ, রূপগঞ্জ অসম্ভবভাবে বিখ্যাত আমাদের এই নারায়ণগঞ্জ। বাংলাদেশের রাজধানী ছিল এই নারায়ণগঞ্জের সোনারগাঁ।

 

আমরা আমাদের সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চাই।’ বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। এর আগে ভবনের নামফলক উন্মোচন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আইভী বলেন, ‘‘সিটি কর্পোরেশন থেকে চারুকলার নতুন ভবনের এই কাজটি করতে পেরে আমি নিজেও গর্বিত।

 

কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাকে সহযোগিতা করেছেন। মন্ত্রী মহোদয় আপনি জানেন যে সীমিত আয়ের মধ্যে আমাদের চলতে হয়। আমরা আয় বাড়ানোর জন্য বহু চেষ্টা করছি। কোভিডের জন্য আমরা হয়তো সেভাবে ট্যাক্সের চাপ দিতে পারছি না। কিন্তু আপনি জানেন নারায়ণগঞ্জ থেমে নাই। আমরা বহু কাজ করেছি।

 

’ অনুষ্ঠানে আইভী আরও বলেন, ‘এই শহরের মানুষের দাবি হলো আমরা সুন্দর স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাঁটতে চাই। যানজট চাই না, ফুটপাত দিয়ে হাটতে চাই। দ্রুতগতিতে কদমরসূল সেতুর বাস্তবায়ন চাই। নদীর ওইপারে ১০০ ফিটের আলী আহাম্মদ চুনকা রাস্তা করে দিয়েছি। তদ্রুপভাবে আমরা চাই রেলওয়ের পাশ দিয়ে দুই নাম্বার গেট দিয়ে আরেকটি বিকল্প রাস্তা করতে।

 

মাল্টিমডেল হাব চাই৷ বঙ্গবন্ধু সড়কে এত যানজটের মধ্যে থেমে থাকতে চাই না। অনেকগুলো চাওয়ার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার (মন্ত্রী) সহযোগিতা চাই। আপনি যদি সহযোগিতা করলে যে কাজগুলো করতে পারি নাই সে কাজগুলো করতে পারবো। আমরা ৪১ হাজার প্রান্তীক জনগোষ্ঠীকে নিয়ে ইউএনডিপি এর সহযোগিতায় আমরা একটি প্রজেক্ট চালাচ্ছি নারীদেরকে নিয়ে। প্রায় ১ লক্ষ ৩০ হাজার পরিবার সুবিধাভোগী। প্রধানমন্ত্রী নারীদের সাবলম্বী করার জন্য যে প্রজেক্টগুলো নিয়েছে তারই ধারাবাহিকতায় নারী ক্ষমতায়নে আমরা কাজ করতে যাচ্ছি।’


আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের কাউন্সিলররা দলমত নির্বিশেষে আমরা সকলেই কাজ করে থাকি। নারায়ণগঞ্জে যত কাজ করেছি বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হয়ে, নিজের দল আওয়ামী লীগ হয়ে, জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সততার সহিত, নিষ্ঠার সাথে দলের উর্ধ্বে উঠে সাধারণ মানুষের জন্য এখানে কাজ করেছি। এই জন্যই হয়তো নারায়ণগঞ্জের মানুষ আমার প্রত্যেকটা কাজের সাথে দাঁড়িয়ে কাজ করার সুযোগ করে দিচ্ছে।’


তিনি বলেন, ‘শীতলক্ষ্যার দুই পাড় বাঁধাই করতে চাই। শীতলক্ষ্যাকে বাঁচাতে চাই। আপনি চারটা নদী নিয়ে কাজ করছেন। আপনার কাছে অনুরোধ থাকবে আমরা কীভাবে শীতলক্ষ্যাকে বাঁচাতে পারি, পানি যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। এই দাবিটা আপনার কাছে রইলো। পাশাপাশি আমরা ভোগান্তি হতে চাই না।

 

আমরা চাই না ঢাকায় গিয়ে এই প্লান পাশ করাতে হোক নারায়ণগঞ্জে মানুষের। আমি শুনেছি ৬ ফিটের রাস্তা নাই কিন্তু ১০ তলা ভবন হয়ে গিয়েছে। আমরা চাই এই প্লান পাশটা আমরা সিটি কর্পোরেশন করতে। সক্ষমভাবে গড়ে উঠি। আমরা চাই না আমাদের ক্ষমতা এখনি দিয়ে দেন। কিন্তু গ্র্যাজুয়েলি যেন আমরা উন্নতি করতে পারি। আমরা যেন একটি ছাতার নিচে থেকে অনেক কিছু কাজ করতে পারি।’


প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে মেয়র বলেন, ‘উনি যেভাবে আমাকে নমিনেশন দিয়ে, নৌকা দিয়ে আমার দলীয় নেতৃবৃন্দ এসে নারায়ণগঞ্জে কাজ করে আমাকে নির্বাচিত করেছে নারায়ণগঞ্জে আমার সকল দলের লোকজন মিলে যেভাবে আপনারা কাজ করেছেন আমাকে ভোট দিয়েছেন আরেকবার সুযোগ করে দিয়েছেন। তা সম্ভব হয়েছে নেত্রীর কারণে।

 

নেত্রী যদি আমাকে নৌকা না দিত তাহলে আমি নির্বাচন করতাম না আপনাদের কাছে যেতাম না। আমাকে ৫ বছরের জন্য আপনারা যে সুযোগ দিয়েছেন আপনাদের প্রতি, নেত্রীর প্রতি, দলের প্রতি কৃতজ্ঞ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন

 

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, মো. আসাদুজ্জামান, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন