Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ চারুকলার নতুন ভবনের উদ্বোধন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০৭:৫০ পিএম

নারায়ণগঞ্জ চারুকলার নতুন ভবনের উদ্বোধন
Swapno

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের নবনির্মিত তিনতলাবিশিষ্ট আধুনিক ভবন উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নিয়ে নতুন ভবনের নামফলক উন্মোচন করেন মন্ত্রী। সিটি করপোরেশনের অর্থায়নে এই ভবন নির্মাণ করা হয়েছে।


দেওভোগের শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সরকারি কর্মকর্তাদের পাশাপাশি চারুকলার বর্তমান ও প্রাক্তণ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


জানা যায়, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট ১৯৯৪ সালের ৯ নভেম্বর নগরীর চাষাঢ়ার রেলস্টেশন মসজিদের পেছনে চিত্রশিল্পী সমীরন চৌধুরী মাত্র ৪ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ীভাবে যাত্রা শুরু করে। ১৯৯৬ সালে ১৪ জন শিক্ষার্থী নিয়ে জিমখানা বস্তি সংলগ্ন জায়গায় ছোট পরিসরে গড়ে তোলা হয় স্থায়ী ক্যাম্পাস এবং ১৯৯৯ সালে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

 

এক পর্যায়ে চারুকলা ভবন জরাজীর্ন অবস্থায় পৌঁছালে উদ্যোগ নেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর প্রায় ১ একর জমির উপর তিন তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করেছে সিটি করপোরেশন। নবনির্মিত ভবনে আর্ট গ্যালারি, হল রুম, শ্রেণি কক্ষ ও অফিস কক্ষসহ উন্মুক্ত গ্রাউন্ড ফ্লোরের ব্যবস্থা রয়েছে।


নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে বর্তমানে পেইন্টিং ও গ্রাফিক্স ডিজাইন বিভাগে ৫ বছর মেয়াদী বিএফএ (পাস) এবং ৪ বছর মেয়াদী বিএফএ (সম্মান) শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ১২০ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছেন। ১৯৯৪ সাল থেকে এই প্রতিষ্ঠানে চিত্রশিল্পী সমীরন চৌধুরী অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

বর্তমানে শিল্পী সামসুল ইসলাম আজাদ অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। চারুকলার নতুন ভবন উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ

 

জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবুল আমিন, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদ, স্থপতি ইকবাল হাবিব ও ইশতিয়াক জহির, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির,

 

মো. আসাদুজ্জামান, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল, সিনিয়র সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন