নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে কলেজছাত্রের খুন
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৭:০০ পিএম
নারায়ণগঞ্জের সৈয়দপুর পাথরঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মাহফুজ আহমেদ (২০) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। শনিবার (১২ মার্চ) সকালে রাজধানী ধানমন্ডির একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মাহফুজ নারায়ণগঞ্জ কলেজের একাদশ শ্রেণির ছাত্র। পাশাপাশি কুমোদিনী গার্মেন্টসে কাজ করতেন। তিনি শহরের খানপুর বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানান, দেড় বছর আগে শহরের চাষাঢ়া এলাকায় দেওভোগের কয়েকজনের সঙ্গে মাহফুজের অনুসারীদের মারামারি ঘটে। এর জের ধরে শুক্রবার রাতে মাহফুজের অনুসারীরা খবর পান ওই কয়েকজন পিকনিক থেকে এসে সৈয়দপুর পাথরঘাটে নামবেন। এরই পরিপ্রেক্ষিতে মাহফুজসহ তার অনুসারীরা সেখানে যান। কিন্তু প্রতিপক্ষের লোকজন বেশি থাকায় মাহফুজের অনুসারীরা কেটে পরলেও মাহফুজ সেখানে রয়ে যান। পরে তারা মাহফুজকে একা পেয়ে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান।
স্থানীয়রা উদ্ধার করে শুক্রবার রাতে মাহফুজকে আহত অবস্থায় নারায়ণগঞ্জের সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। মাহফুজের মা মাবিয়া বেগম বলেন, ‘আমার একটাই ছেলে ছিলো। আমার ছেলেকে ডেকে নিয়ে তারা হত্যা করেছে। ছেলেটিই আমার বেঁচে থাকার সম্বল ছিল। আমি আমার সন্তান হত্যার বিচার চাই।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হাওলাদার বলেন, প্রতিপক্ষের সঙ্গে শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত বলতে পারবো।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, এ ঘটনায় বিস্তরিত জানার জন্য নিহত মাহফুজের অনুসারীদের মধ্যে তিনজনকে থানায় রেখেছি। তাদের মাধ্যমে আমরা বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করবো। এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


