নারায়ণগঞ্জে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গিয়েছেঃ আইভী
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১২ মার্চ ২০২২, ০৯:৫৮ পিএম
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পাতা পত্রিকার সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান মাসুমের বাড়ির সামনে বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্রপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী। তিনি এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন৷
তিনি বলেন, ‘এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ধরনের কর্মকান্ড চলতে থাকলে নারায়ণগঞ্জের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতি নারায়ণগঞ্জে চাই না।
এই ধরনের কর্মকান্ডের সাথে কারা জড়িত তা স্পষ্ট। তাদেরকে দ্রুত গ্রেফতারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাছি। একই সাথে ত্বকী হত্যার বিচারের দাবি জানাই।’ মেয়র আরও বলেন, ‘শহরে সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে গিয়েছে। প্রশাসনকে সতর্ক দৃষ্টিতে নেওয়ার আহবান জানাই। এই ধরনের ঘটনা ঘটিয়ে কারও কণ্ঠই রোধ করা যাবে না। আমরা আরও দ্বিগুণভাবে প্রতিবাদ জানাবো। একই সাথে আমরা মাসুম ভাইয়ের পাশে আছি।’
প্রসঙ্গত, গত শুক্রবার (১১ মার্চ) গভীর রাতে এই হামলার ঘটনা ঘটে। আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদে স¤প্রতি বিভিন্ন সভা-সমাবেশে খুনিদের বিরুদ্ধে দেওয়া বক্তব্যে দেওয়াকে জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন সাংবাদিক নেতা মাহবুবুর রহমান মাসুম।


